বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার!
গলিতে-গলিতে বাঁশের খুঁটি বিদ্যুতের তার মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো জায়গায় নড়বড়ে খুঁটি তারের ভারে নুয়ে পড়েছে। এক বাঁশ থেকে অন্য বাঁশের দূরত্বের মাঝখানের তার ঝুলে পড়ে ছুঁতে চাইছে মাটিকে। উত্তর আদাবরের মেহেদীবাগে দেখা গেল এমন চিত্র। মোহাম্মদপুরের ঢাকা হাউজিং শেষে যেখানে মেহেদীবাগের শুরু হয়েছে, ঠিক সেখান থেকেই কংক্রিট কিংবা লোহার খুঁটির বদলে রয়েছে বাঁশের বৈদ্যুতিক খুঁটি।এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সরবরাহকারীরা নিয়মিত তাঁদের কাছ থেকে বিল নিচ্ছেন। কিন্তু বিদ্যুতের মূল লাইনে কংক্রিট কিংবা লোহার খুঁটি দিচ্ছেন না। এমনকি বিদ্যুতের সংযোগ নেওয়ার জন্য এলাকাবাসী নিজের টাকায় কিনেছেন বাঁশের খুঁটিগুলো। মূল লাইনের জন্য ৪৫০টি বাঁশ ব্যবহার করা হয়েছে। এতে এলাকাবাসীর অনেক টাকা খরচ হয়েছে।বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকির মধ্যে রয়েছে পুরো এলাকা। বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটেছে কি না—এমন প্রশ্ন করলে ৩ নম্বর রোডের বাসিন্দা জামাল রহমান বললেন, ‘হ, প্রায় তো ঘটতাছে। তা ছাড়া ভয়ে থাকি, যদি আগুন লাইগা যায়।’ একই বিষয়ে মেহেদীবাগ কো-অপারেটিভ সোসাইটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘একটু জোরে বাতাস উঠলেই কোথাও কোথাও খুঁটি ভেঙে পড়ে। এলাকায় বৈদ্যুতিক তারের জন্য লোহা বা কংক্রিটের তৈরি খুঁটির দরকার।’মেহেদীবাগের ১ নম্বর রোডে ড্রেনের কাজ চলছে, বসানো হচ্ছে রিং। গর্তে রিং নামানোর জন্য লোহার স্ট্যান্ড বসানো হয়েছে রাস্তার ওপর। ঝুলন্ত তার লেগে আছে তার গায়ে। তা ছাড়া বসানোর সময়ও বারবার তার ঝুলে যাচ্ছিল স্ট্যান্ডের সঙ্গে, তাই কিছুটা আতঙ্ক কাজ করছে শ্রমিকদের ভেতর। শ্রমিক বিলাল মিয়া বলেন, ‘স্ট্যান্ড বারবার তারে লাগতাছে। ভয় লাগে, যদি শক করে।’কোনো কোনো বাঁশ ভবনের জানালার সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা অনেক। এমন একটি ভবনের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, ‘বাঁশ যাতে পড়ে না যায়, এ জন্য বেঁধে দিচ্ছি।’ ঝুঁকির কথা বললে তিনি বলেন, ‘হ্যাঁ, তা তো একটু আছে। এ জন্য তো কংক্রিটের খুঁটি দরকার।’রাস্তায় সড়ক বাতি কম, সূর্য ডুবলেই অন্ধকার জেঁকে বসে মেহেদীবাগে। তখন চলাচল করা কষ্টসাধ্য হয়ে যায়। ১ নম্বর রোডের দোকানি হাবিবুর রহমান বলেন, রাস্তার পাশের বাসা থেকে জানালা দিয়ে যে আলো আসে, পথচারীকে নির্ভর করতে হয় তার ওপরই। কিন্তু বাসার বাতি নেভালেই আবার অন্ধকার হয়ে যায় রাস্তা। এলাকায় সড়কবাতি দরকার বলে তিনি জানালেন।মেহেদীবাগের বাসিন্দারা জানান, এই এলাকার বেশির ভাগ ভাড়াটেই পোশাকশ্রমিক। রাত ১০টায় পোশাক কারখানা ছুটি হয়, তখন রাস্তায় চলতে অনেক নারীশ্রমিকই ভয়ে থাকেন। কথা হলো এমন একজন পোশাকশ্রমিক রুবি আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘অফিস ছুটি হয় রাত ১০টায়। তা ছাড়া ওভারটাইম থাকলে অনেক রাতে ফিরতে হয়। রাস্তায় বাতি না থাকায় আমগো ডর লাগে।’ঘুরে দেখা গেছে, কোনো কোনো স্থানে খুঁটি ভেঙে গেলেও নতুন করে খুঁটি লাগানো হয়নি। ৬ নম্বর রোডে দেয়াল ঘেঁষে হাঁটতে গেলেই ঝুলন্ত তার মাথায় লাগে। এভাবে এলোমেলো ঝুলন্ত তারের কারণে এলাকাটিকে অনেক বেখাপ্পা লাগে বলে জানালেন স্থানীয় দোকানি সাইফুল মিয়া। তিনি আরও বলেন, ‘এর চাইতে তো আমাদের গ্রামের বাড়ির বিদ্যুৎ-ব্যবস্থাই ভালো।’ঝুঁকিপূর্ণ হলেও নিজের বাসায় বিদ্যুতের সংযোগ নিতে এখনো অনেকে ব্যবহার করছেন বাঁশের খুঁটি। ১ নম্বর রোডে দেখা গেল, তিন ব্যক্তি তিনটি লম্বা বাঁশ কাঁধে করে নিয়ে যাচ্ছেন। ঝুলন্ত তারের জঞ্জাল সরিয়ে বাঁশগুলো নিয়ে যেতে অনেক বেগ পোহাতে হচ্ছে তাঁদের। এই বাঁশ কোথায় নেওয়া হচ্ছে?—এমন প্রশ্নে রিপন মিয়া নামের একজন বলেন, ‘কারেন্টের খুঁটি বানাইব।’এদিকে আদাবরের গৈদারটেকে কিছু কংক্রিটের খুঁটি চোখে পড়লেও তা পর্যাপ্ত নয়। বাসায় সংযোগ নিতে এখানেও ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। ঝড়ে খুঁটি ভেঙে পড়লে ঝুঁকির মধ্যে থাকতে হয় এলাকাবাসীকে।মেহেদীবাগে কংক্রিট কিংবা লোহার বৈদ্যুতিক খুঁটি বসানো হচ্ছে না কেন—জানতে চাইলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের শ্যামলী বিভাগের ব্যবস্থাপক (নেটওয়ার্ক অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস—নকস) সারোয়ার এ কায়েনাত মো. নুর বলেন, এলাকাটি এখনো ডিপিডিসির আওতায় আসেনি। এ জন্য তাঁরা খুঁটি বসাতে পারছেন না। এলাকাবাসী যদি তাঁদের দপ্তরে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে খুঁটির জন্য আবেদন করেন, তবে তাঁরা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানান। অন্যদিকে গৈদারটেক এলাকা ডেসকোর (ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি লিমিটেড) বলে তিনি জানান।গৈদারটেক এলাকায় পর্যাপ্ত বৈদ্যুতিক খুঁটি না থাকা সম্পর্কে ডেসকোর পরিচালক (অপারেশন) শাহজাহান মিয়া বলেন, ‘এলাকাবাসী যদি খুঁটির প্রয়োজনীয়তা জানিয়ে আমাদের কাছে আবেদন করেন, তবে আমরা অবশ্যই খুঁটির ব্যবস্থা করব।’