বাঁশের সাঁকোই ১৫ গ্রামের ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাগারে গাঁয়ের মিয়েগারে কেই বিয়ে করবের চায় না। কয়, রাস্তাঘাট নাই, বিরিজ নাই। কয় ওই গাঁয়ে বিয়ে করে যাব কেবা কোরে।’ পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুড় গ্রামের সুনিল হলদার দুঃখ করে তাঁর এলাকার ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াতের কষ্টের কথা বলতে গিয়ে এ কথা জানালেন। সম্প্রতি ওই এলাকায় গিয়ে কথা হয় এলাকার বিভিন্ন গ্রামের কয়েকজন মানুষের সঙ্গে।উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে নিমাইচড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত করতোয়া নদী। সেই নদীতে একটি বাঁশের সাঁকো এলাকাবাসীর যোগাযোগের একমাত্র ভরসা। যুগ যুগ ধরে এই সাঁকো পেরিয়ে এলাকবাসী নদীর পূর্বপাড়ে মির্জাপুর হাট, ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন কাজে যাতায়াত করেন। নদীর পূর্বপাড়ের ব্রহ্মপুর, চিনাভাতকুড়, বেলগাছি, মামাখালী, গৌড়নগর, বিন্যাবাড়ী, বরদানগর, ধানকুনিয়া, লাঙ্গলমোড়া, চরনবীন, কাটেঙ্গা, কুকড়াগাড়ী, নটাবাড়ীয়া, জোলার কাদি গ্রাম। এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের দীর্ঘদিনের দাবি করতোয়া নদীর ওপর একটা সেতুর। বর্ষায় নৌকায় আর শুষ্ক মৌসুমে এই সাঁকো দিয়েই কৃষকেরা ফসল নিয়ে অনেক কষ্টে মির্জাপুর হাটে বেচতে যান। শিক্ষার্থীরা যায় মির্জাপুরে স্কুল-কলেজে। গ্রামগুলোর ভেতরেও নেই কোনো ভালো সড়ক। আছে কয়েকটি কাঁচা সড়ক, তাও ভাঙাচোরা। হেঁটে চলাও কষ্টকর।ব্রহ্মপুর গ্রামের কৃষক গফুর প্রামানিক বলেন, ‘ভোটের সুময় আসলি নিতারা অ্যাসে কয়, আমাগারে ভোট দেন, পাস করলি বিরিজ করে দেব। কিন্তু ভোটের পর আর বিরিজ অয় না।’ চিনাভাতকুড় গ্রামের ব্রজো গোপাল হালদার বলেন, ‘বিপদ হয় কারুর বড় অসুখ বাঁধলি। উপজেলা হাসপাতালে লিতিলিতি তার মরণ অবস্থা।’ মির্জাপুর হাটের ব্যবসায়ী বাবলুর রহমান বলেন, ‘এখেনে সেতুডা হলি হাটের চেহারাও বদলে যাতো।’ আর ঘাটের পাটনি ভূপেন চন্দ্র তরণী দাস বলেন, ‘বর্ষায় নৌকায় আর এখন সাঁকো দিয়ে পার করি।’ তিনি আরও বলেন, ‘আমার দাদা ঠাকুর, বাবা এই ঘাটের পাটনি ছিল। এখন আমি ইজারা লিয়ে ঘাট চালাই।’ ওই এলাকার বৃদ্ধ শের আলী হাজি আক্ষেপ করে বলেন, ‘বিরিজ কী আর আমাগারে কপালে আছে? মরার আগে দেখে যাবের পারব?’ নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘এখেনে একটা বিরিজ হওয়া খুব দরকার। মানুষের কষ্টের শেষ নাই। আমি উপজেলা প্রকৌশল (এলজিইডি) বিভাগে একটা প্রকল্প দিয়েছি।’ উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, আমরা সেখানে একটা সেতু নির্মাণের প্রকল্প পেয়েছি।