বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যেসব ভাষায় কথা বলে, তার মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ। বাংলাদেশে বাংলা কার্যত অদ্বিতীয় ভাষা। ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বাংলা। বাংলা ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের অন্তর্ভুক্ত। এ ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। পণ্ডিতদের মতে, চর্যাপদ কম-বেশি এক হাজার বছরের পুরোনো। চর্যাপদের পরে বাংলা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন রামাই পণ্ডিতের শূন্যপুরাণ।মধ্যযুগে বাংলা ভাষা ও সাহিত্যের অসামান্য বিকাশ ঘটে। এ সময় বাংলা সাহিত্য মূলত তিনটি ধারায় চর্চিত হয়েছে—বৈষ্ণব সাহিত্য, মঙ্গল সাহিত্য ও অনুবাদ সাহিত্য। এই পর্বের গোড়ার দিককার উল্লেখযোগ্য রচনা: বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন, মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয়, কবি কঙ্কনের বিদ্যাসুন্দর। এ যুগেই রামায়ণ, মহাভারত ও ভাগবত-এর অনুবাদ ঘিরে বিপুল সাহিত্য গড়ে ওঠে। এই কালপর্বের সাহিত্যিক বিকাশে সুলতান আলাউদ্দীন হুসেন শাহের অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ।মধ্যযুগের একটি উল্লেখযোগ্য ঘটনা চৈতন্যদেবের (১৪৮৬-১৫৩৩) আবির্ভাব। চৈতন্য তাঁর গৌড়ীয় বৈষ্ণব দর্শন বাংলায় প্রচার করায় বাংলা ভাষা ও সাহিত্যে অভূতপূর্ব জোয়ারের সৃষ্টি হয়। চৈতন্যকে ঘিরে এ সময় রচিত কয়েকটি প্রধান গ্রন্থ: বৃন্দাবন দাসের চৈতন্যভাগবত (১৫৭৩), জয়ানন্দের চৈতন্যমঙ্গল (ষোড়শ শতকের শেষভাগ) এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত (১৬১৫)। এই পর্বের আরেকটি সাহিত্যধারা হচ্ছে পদাবলি। পদাবলি রচনার বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের লীলা। এই ধারায় বিখ্যাত কবিদের মধ্যে আছেন: চণ্ডীদাস, জ্ঞানদাস, লোচনদাস ও গোবিন্দদাস।বাংলা ভাষার মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম শাহ মুহম্মদ সগীর। তিনি ইউসুফ-জুলেখা রচনা করে খ্যাতিমান হয়েছেন। এ ছাড়া শেখ ফয়জুল্লাহর গোরক্ষবিজয়, সৈয়দ সুলতানের নবীবংশের কথাও বলা যায়। মঙ্গলকাব্যের যুগের সবচেয়ে বিখ্যাত কবি দুজন: ভারতচন্দ্র রায়গুণাকর ও রামপ্রসাদ সেন। এই পর্বে পূর্ববঙ্গে বিকশিত হয়েছে লোকগাথার একটি ধারা; এগুলো পূর্ববঙ্গ-গীতিকা নামে প্রচারিত।বাংলা ভাষার আধুনিক যুগের শুরু হয় পাদ্রি ও সংস্কৃত পণ্ডিতদের হাতে। বাংলা গদ্যের শুরুর পর্বে প্যারীচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিংহের নাম উল্লেখযোগ্য। এরপর রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের নানা মাধ্যমে কাজ করে বাংলাকে সমৃদ্ধ করেছেন। বাংলা ভাষার মহত্তম কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় একার প্রতিভায় এই ভাষাকে শিখরে পৌঁছে দেন।বাংলা ভাষার প্রতি এই ভাষাভাষী মানুষেরা নানাভাবে অনুরাগ প্রকাশ করেছেন। মধ্যযুগের বিখ্যাত কবি আবদুল হাকিম (১৬২০-১৬৯০) ‘বঙ্গবাণী’ কবিতায় লিখেছেন, ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।/ সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি।।’ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েকজন তরুণ প্রাণ দেন। ১৯৫৬ সালে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়। ভাষা আন্দোলনের ধারাবাহিকতাতেই ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ২০০০ সালে ইউনেসকো বাংলা ভাষা আন্দোলন, মানুষের ভাষা ও কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে।বাংলাদেশের জাতীয় সংগীত ও রণসংগীত দুটোই রচিত হয়েছে বাংলা ভাষায়। রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের একটি গান থেকে নেওয়া হয়েছে আমাদের জাতীয় সংগীত। আর রণসংগীত গৃহীত হয়েছে কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে।