বাংলা একাডেমী আইনের খসড়া অনুমোদন
নতুন দায়িত্ব সংযোজনসহ বিদ্যমান আইন সময়োপযোগী করতে ‘বাংলা একাডেমী আইন ২০১২’-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বাসসের।মন্ত্রিপরিষদের সচিব বলেন, ১৯৭৮ সালের বাংলা একাডেমী অধ্যাদেশ ১৯৮৩ সালে সংশোধন করা হয়। এটি ছিল ইংরেজিতে। এবারের প্রস্তাবিত আইনের ভাষা হচ্ছে বাংলা। প্রস্তাবিত আইনে আইনি কাঠামোর আওতায় একাডেমীকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, বাংলা বানান-পদ্ধতির (প্রমিত বাংলা ব্যবহার) উৎকর্ষকরণ, একাডেমীর গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া এবং ভাষার উন্নয়নে বিদেশি লেখক ও গবেষকদের আমন্ত্রণ জানানো।এ ছাড়া প্রস্তাবিত আইনে বাংলা একাডেমীকে চেয়ার ও ইনস্টিটিউশন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পদক দেওয়ার ক্ষমতা দেওয়া হবে।দেশে রাবারশিল্পের উন্নয়নের পাশাপাশি এর চাষ উৎসাহিত করার লক্ষ্যে মন্ত্রিসভা ‘বাংলাদেশ রাবার বোর্ড আইন ২০০২’-এর খসড়াও অনুমোদন করেছে।বোর্ডের চেয়ারম্যান হবেন সরকারের একজন যুগ্ম সচিব। এই বোর্ডে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, বন বিভাগ এবং রাবারচাষি ও উদ্যোক্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।