অর্থ বরাদ্দ কমে যাওয়া, গবেষণায় উৎসাহের অভাব ইত্যাদি নানাবিধ প্রতিকূলতায় বাংলা একাডেমী তার গবেষণার ঐতিহ্য হারিয়ে ফেলেছিল। সম্প্রতি এই ঐতিহ্য ফেরাতে বেশ কিছু বড় মাপের কাজ শুরু হয়েছে।এরই অংশ হিসেবে সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রমিত বাংলা ব্যাকরণ। প্রচলিত বাংলা ব্যাকরণ রচিত হয়েছিল সংস্কৃত ব্যাকরণের অনুসরণে। বিদ্বজ্জনেরা বহুকাল থেকেই একটি প্রমিত বাংলা ব্যাকরণের অভাব বোধ করছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর তরফ থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, বিজ্ঞানী রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, ড. দীনেশচন্দ্র সেন প্রমুখকে নিয়ে প্রমিত বাংলা ব্যাকরণ প্রণয়নের উদ্যোগ নেন। কিন্তু অনেক আলোচনা ও বিপুল বিতর্কের পর সেই উদ্যোগ ভেস্তে যায়। তার পর থেকে বিচ্ছিন্নভাবে অনেকেই প্রমিত ব্যাকরণ প্রণয়নের চেষ্টা করেও সফল হননি।বাংলা একাডেমী ২০০৯ সালে নতুন করে ব্যাকরণ প্রণয়নের উদ্যোগ নেয়। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের অংশগ্রহণ ছাড়া এ কাজ অসম্পূর্ণ থেকে যাবে বলে পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমির সঙ্গে যোগাযোগ করা হয়। বাংলাদেশের পক্ষে অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধান করে একটি উপদেষ্টা দল পশ্চিমবঙ্গের বাংলা আকাদেমিতে গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে। আকাদেমিও এই উদ্যোগকে স্বাগত জানায়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রধান করে গঠিত হয় পশ্চিমবঙ্গের উপদেষ্টা পরিষদ। এরপর বাংলাদেশের অধ্যাপক রফিকুল ইসলাম ও বিশ্বভারতীর সাবেক উপাচার্য পবিত্র সরকারকে সম্পাদক করে উভয় দেশের ২৪ জন গবেষককে নিয়ে ব্যাকরণ প্রণয়ের জন্য সম্পাদনা পরিষদ গঠন করা হয়। এই কমিটি দুই খণ্ডে ব্যাকরণের পাণ্ডুলিপি তৈরি করে। গত বছর এটি প্রকাশিত হয়। প্রমিত বাংলা ব্যাকরণ কেবল বাংলা ভাষার নিজস্ব ব্যাকরণের অভাবই মেটায়নি, উভয় বঙ্গেই ব্যাপক প্রশংসিত হয়েছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকা লিখেছে, ‘বাংলা ফাইনালি গেটস এ গ্রামার অব ইটস ওন’। প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রথম মুদ্রণ নিঃশেষ। পরিবর্ধিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হবে শিগগিরই। ব্যাকরণটি সম্পর্কে সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রচলিত ব্যাকরণ ছিল সংস্কৃত ব্যাকরণ অনুসারী সাধু ভাষার ব্যাকরণ। সাধু ভাষা এখন আর ব্যবহূত হচ্ছে না। আমাদের দেশ ১৯৭৪ সাল থেকে ড. কুদরাত-এ-খুদার শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে চলতি ভাষাতেই পাঠ্যপুস্তক রচিত হচ্ছে। অথচ শিক্ষার্থীরা শিখছে সাধু ভাষার ব্যাকরণ। সাধু ভাষা শুধু পাঠ্যপুস্তকেই নয়, পত্রপত্রিকায়ও এখন আর ব্যবহূত হয় না। এসব বিবেচনা করেই প্রমিত বাংলা ব্যাকরণ প্রণীত হয়েছে। অনেক পরিবর্ধন-পরিমার্জন করে দ্বিতীয় সংস্করণ করা হয়েছে। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য উপযোগী ছোট সংস্করণ প্রণয়নের কাজ চলছে। স্কুল-কলেজের পাঠ্যপুস্তক হিসেবে যাঁরা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন, তাঁরা এই বই থেকে সাহায্য পাবেন।’বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান: একাডেমীর পুরোনো প্রশাসনিক ভবনের দোতলায় চলছে তিন খণ্ডে বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রণয়নের কাজ। প্রধান সম্পাদক অধ্যাপক গোলাম মুরশিদের তত্ত্বাবধানে ২০১১ সালের মার্চ থেকে কাজ করছেন ১২ জন গবেষক। প্রথম খণ্ডের পাণ্ডুলিপি তৈরি হয়েছে। বাকি দুই খণ্ড শেষ হবে সেপ্টেম্বর নাগাদ।কী থাকছে: উপমহাদেশের সব ভাষার মধ্যে বাংলা ভাষাতেই প্রথম বিবর্তনমূলক অভিধান প্রণীত হচ্ছে। এতে থাকছে প্রায় দেড় লাখ শব্দ। থাকবে শব্দের ব্যুৎপত্তি, পদ-পরিচয়, বিভিন্ন সময়ে মূল শব্দের অর্থ যেভাবে পরিবর্তিত হয়েছে, তার বিশদ বিবরণ। সঙ্গে প্রায়োগিক দৃষ্টান্ত। সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনার মতো করে চর্যাপদ থেকে শুরু করে ২০০০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার আঁতিপাঁতি করে খুঁজে গবেষকেরা তুলে এনেছেন যুগে যুগে শব্দের অর্থগত পরিবর্তনের রূপ, তার ব্যবহারিক প্রয়োগের রীতি।অধ্যাপক গোলাম মুরশিদ প্রথম আলোকে বলেন, সময়ের সঙ্গে শব্দের অর্থ বদলায়। আবার কোনো কোনো বিশিষ্ট লেখক একটি শব্দকে একটি বিশেষ অর্থে প্রয়োগ করেন। পরে সেটিও নতুন অর্থ ও রূপকের সৃষ্টি করে। যেমন ‘সন্দেশ’ শব্দটির আদি অর্থ ছিল সংবাদ। এখন এটি ব্যবহূত হয় ছানার তৈরি একরকমের মিষ্টি খাদ্য হিসেবে। শব্দের অর্থগত যে পরিবর্তন ঘটেছে, এই অভিধানে তা তুলে আনা হচ্ছে।গোলাম মুরশিদ জানালেন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ইন হিস্টরিক্যাল প্রিন্সিপালস-এর মতো বাংলা ভাষার একটি বিবর্তনমূলক অভিধান প্রণয়নের ইচ্ছা জাগে। বাংলা একাডেমীকে এই প্রস্তাব দিলে মহাপরিচালক তাতে সম্মত হন। তাঁর আগ্রহেই এই অভিধান প্রণয়ন করা সম্ভব হচ্ছে।সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস: তৃণমূল পর্যায়ে সাংস্কৃতিক রূপান্তরের প্রক্রিয়া নিয়ে চলছে গবেষণা ও তথ্য-উপাত্ত সংগ্রহ। এসব নিয়েই প্রণীত হচ্ছে দেশের ৬৪ জেলার সাংস্কৃতিক ইতিহাস। কাজ শুরু হয়েছে ২০১১ সালে। প্রতি জেলায় একজন সমন্বয়কারী এবং উপজেলা পর্যায়ে তৃণমূল তথ্য সংগ্রাহক নিয়োগ করা হয়েছে। এ প্রকল্পের সমন্বয় করছেন একাডেমীর সচিব আলতাফ হোসেন। ইতিমধ্যে ৩২টি জেলার পাণ্ডুলিপি তৈরি হয়েছে। বাকিগুলো চলতি বছরের প্রথমার্ধেই শেষ হবে। একই সঙ্গে কাজ চলছে ৬৪ জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার। এর তত্ত্বাবধান করছেন একাডেমীর পরিচালক আমিনুর রহমান সুলতান।বাংলা ও বাঙালির ইতিহাস: প্রত্নতাত্ত্বিক যেসব নিদর্শন পাওয়া গেছে, তার নিরিখে বাংলা ও বাঙালির ইতিহাস প্রায় আড়াই হাজার বছরেরও প্রাচীন বলে ঐতিহাসিকেরা মনে করেন। কিন্তু সামগ্রিকভাবে রচিত বাংলা অঞ্চলের ইতিহাসের অভাব রয়ে গেছে। সেই শূন্যস্থান পূরণ করতে চার খণ্ডে প্রণীত হচ্ছে বাংলা ও বাঙালির ইতিহাস। সম্পাদনা পরিষদের উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দীন আহ্মদ ও আ ক ম যাকারিয়া। গ্রন্থটির কাজ শেষ হবে চলতি বছরেই। এ ছাড়া নতুন তথ্য-উপাত্ত নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস রচিত হচ্ছে পাঁচ খণ্ডে। এটি রচনা করছেন অধ্যাপক আনিসুজ্জামান। ইতিমধ্যে দুটি খণ্ডের কাজ সম্পন্ন হয়েছে।মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘বাংলা একাডেমীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল ভাষা, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও ড. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত একাডেমীর কার্যক্রমে গবেষণা বিশেষ গুরুত্ব পেয়েছে। তার পর থেকেই ক্রমে গবেষণার প্রতি গুরুত্ব কমতে থাকে। আমি দায়িত্ব গ্রহণের পর আবার একাডেমীর গবেষণার ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছি। গবেষণার ক্ষেত্রে একটা বড় অন্তরায় ছিল অর্থ। বর্তমান সরকার এ ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে সহায়তা দিয়েছে। গবেষণার গুরুত্ব অনুসারে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় বাড়তি অর্থ বরাদ্দ করায় বেশ কিছু বড় মাপের কাজ করা সম্ভব হয়েছে।’