বাংলা একাডেমীর কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা ও উন্নয়নে বাংলা একাডেমীর নেওয়া কার্যক্রম বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় বাংলা একাডেমীর চলমান প্রকল্প ও কর্মসূচি, গৃহীত নতুন কার্যক্রম, গবেষণা ও প্রকাশনা, নতুন স্থাপনা ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক বিষয়ের ওপর আলোচনা করা হয়। সভায় জেলা ও বিভাগীয় পর্যায়ে লেখক, কবি, সাহিত্যিক, গবেষক ও প্রকাশকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলা একাডেমীর কার্যক্রম বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ, নবীন লেখক ও গবেষকদের জন্য ফেলোশিপ চালু, বাঙালি লোকজ সংস্কৃতির আদি ইতিহাস সংরক্ষণ, নবীন গবেষকদের জন্য বাংলা একাডেমীর গবেষণাকর্ম অনলাইনে উন্মুক্তকরণ ও ই-লাইব্রেরি তৈরির ব্যাপারেও সুপারিশ রাখা হয়।কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য এবং তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, মনোরঞ্জন শীল গোপাল, চয়ন ইসলাম, তারানা হালিম, মাহফুজা মণ্ডল, নিলোফার চৌধুরী মনি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বাসস।