বাংলা একাডেমীর বিজয় উৎসব
মহান স্বাধীনতার ৪০ বছরে বিজয় উৎসব উপলক্ষে বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত বাংলা একাডেমী তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল বৃহস্পতিবার ছিল এ আয়োজনের দ্বিতীয় দিন। গতকাল একাডেমীর রবীন্দ্র চত্বরে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মীয় জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধের বিচার’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মো. সেলিম। আলোচনা করেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব.) হারুন অর-রশিদ বীর প্রতীক, সাংবাদিক আবেদ খান, কবি মুহাম্মদ সামাদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক এ এফ সালাহ্উদ্দীন আহ্মদ।পূর্বনির্ধারিত এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর। আকস্মিক প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সভাপতির আসন শূন্য রাখা হয়।প্রধান অতিথি বলেন, নানা সংগ্রামী ইতিহাসের ধারাবাহিকতায় ’৭১-এ এসে বাঙালির যে নিজস্ব জাতিরাষ্ট্রের জন্ম হয়, মুক্তিযুদ্ধের কিছুকাল পরই তার আদর্শ ও চেতনা প্রতিক্রিয়াশীল শক্তির হাতে ছিনতাই হয়ে যায়। আজকের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সেই লুপ্ত চেতনা ও আদর্শ প্রতিষ্ঠার লড়াই শুরু করতে হবে।স্বাগত বক্তব্যে মহাপরিচালক বলেন, ‘মুক্তিযুদ্ধের ৪০ বছর পর আমাদের অনেক অর্জন থাকলেও অর্থনৈতিক বৈষম্য, সাম্প্রদায়িক বিভেদ ও মৌলবাদমুক্ত সমাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি।’ লে. জেনারেল (অব.) হারুন অর-রশিদ বলেন, সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতেই বাঙালি জাতিকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেন। সে আদর্শ ছিল ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ, যা অসাম্প্রদায়িকতা ও অর্থনৈতিক সাম্যের ধারণার ওপর প্রতিষ্ঠিত।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কল্যাণী ঘোষ, নমিতা ঘোষ, ফকির আলমগীর, শেখ জমিরউদ্দিন, শ্রেয়সী রায়, আমজাদ দেওয়ান, বিমান চন্দ্র বিশ্বাস প্রমুখ।