বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলবে বিচার-প্রক্রিয়া
বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে। তবে ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী জানান, কোন ভাষায় বিচারকাজ চলবে, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই বিচারকাজ চলতে পারে।যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্যানেল আইনজীবী সৈয়দ রেজাউর রহমান আইন অধিকারকে বলেন, ‘বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই বিচারকাজ চলবে। এতে কোনো বাধা নেই। তবে যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানে হবে, তাই এ ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি বলেন, ‘গত ২৫ মার্চ থেকে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হয়েছে। সাত সদস্যের তদন্ত সংস্থা ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে। তাই এখনো আদালতের ভাষা নির্ধারণে কোনো সিদ্ধান্ত হয়নি।’ এ বিষয়ে প্যানেল আইনজীবী মোশারফ হোসেন বলেন, ‘আমি এখনো যুদ্ধাপরাধ প্যানেলে যোগদান করিনি।’ তবে বাংলা ভাষাতেই যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম চলা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই বিচারকাজ চলতে পারে। সে ক্ষেত্রে বাংলা ভাষায় হলে দোষ কোথায়। প্যানেলের অপর আইনজীবী জেয়াদ-আল-মালুম বলেন, ‘বিচারক বাংলা ও ইংরেজি—এ দুটি ভাষার যেকোনো একটিতে বিচারকাজ চালাতে পারেন। বিচারক তাঁর ইচ্ছামতো বাংলা অথবা ইংরেজি যেকোনো ভাষায় রায় দিতে পারেন, আইনে কোনো বাধা নেই।’ গত বছর আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ সংশোধন করা হয়েছে। এ আইনের ১০ ধারার ২ উপধারায় সংশোধনী এনে আদালতের কার্যক্রম ইংরেজির বদলে বাংলা অথবা ইংরেজি ভাষা নির্ধারণ করা হয়েছে ।