শিক্ষক-সংকট ও বহিরাগতদের উৎপাতে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বরগুনা সরকারি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কলেজের সাতটি বিষয়ে সম্মান ও একটি বিষয়ে মাস্টার্স ছাড়াও এইচএসসি এবং স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৫৪ জন শিক্ষকের পদ থাকলেও সেখানে কর্মরত আছেন মাত্র ৩৩ জন। বাংলা ও কম্পিউটার বিভাগে কোনো শিক্ষক নেই। এ ছাড়া ইংরেজি ও প্রাণিবিদ্যা বিভাগ দীর্ঘদিন একজন করে শিক্ষক দিয়ে চলছে। শিক্ষক-সংকটের পাশাপাশি কলেজে বহিরাগত বখাটেদের উৎপাতে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। কলেজের শিক্ষার্থী আমান উল্লাহ, হাদিসুর রহমান ও জুনাইদ জুয়েল জানান, শিক্ষক-সংকট, বখাটেদের উৎপাত বন্ধ, ছাত্রীনিবাস নির্মাণ ও কলেজের অভ্যন্তরে ক্যান্টিন স্থাপনসহ বেশ কিছু দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও কর্তৃপক্ষ এসব সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। বর্তমানে শিক্ষক-সংকটের কারণে বাংলা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তায় পড়েছে। কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলা বিভাগে ৫১৫ জন শিক্ষার্থী রয়েছে। এ বিভাগে প্রায় দুই বছর ধরে একজন শিক্ষক থাকলেও গত ২৭ মার্চ তিনিও অবসরকালীন ছুটিতে চলে গেছেন। বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, নাসির উদ্দীন ও আমিনা আক্তার জানান, প্রতিদিন তাঁদের কমপক্ষে তিনটি বিষয়ে ক্লাস হওয়ার কথা, সেখানে এত দিন একটি ক্লাস হতো। এখন শিক্ষক না থাকায় পুরো বিভাগের লেখাপড়া নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে আছেন। একই অবস্থা ইংরেজি বিভাগে। এ বিভাগে একজন শিক্ষক থাকায় প্রায় প্রতিবছর ফলাফল বিপর্যয় ঘটে। শিক্ষক-সংকটের কারণে অনেক শিক্ষার্থী এ বিভাগে ভর্তি হয়েও বাধ্য হয়ে অন্য বিভাগে চলে যান। ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঈশিতা ও তৃতীয় বর্ষের রেদোয়ান জানান, শিক্ষক না থাকায় তাঁদের পড়াশোনা খুবই বেহাল অবস্থা, এখন কী করবেন ভেবে পাচ্ছেন না। প্রাণিবিদ্যা বিভাগও এমন সংকটের মধ্যে থাকায় শিক্ষার্থীরা হিমশিম খাচ্ছেন। আর কম্পিউটার বিভাগেও কোনো শিক্ষক নেই।কলেজের ছাত্রীদের থাকার জন্য ৩৫ শয্যার ছাত্রী নিবাসে ১১৫ জন শিক্ষার্থী রয়েছেন। ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক কলেজের গণিত বিভাগের শিক্ষক লিয়াকত হোসেন বলেন, ‘এ ছাত্রীনিবাসে ১১৫ জন ছাত্রী অনেক কষ্টে বাস করছেন। প্রতিটি কক্ষে আট-নয়জন করে, এমনকি খাওয়ার কক্ষ, বারান্দা ও মেঝেতে বিছানা করে তাঁদের থাকতে হচ্ছে।’ ছাত্রীনিবাসের বাসিন্দা শিপ্রা বলেন, ‘এখানে কী কষ্টে যে আছি, তা বলে বোঝাতে পারব না। একটি শয্যায় দুই-তিনজন, আবার মেঝে, খাওয়ার ঘর, বারান্দা কোনো জায়গায় তিল ধারণের একটু ঠাঁঁই নেই। ফলে পড়াশোনা বিঘ্ন ঘটলেও করার কিছু নেই।’ একই ধরনের কথা বলেন ও আয়শা সিদ্দিকাসহ কয়েকজন ছাত্রী। কলেজ চলাকালে শহীদ মিনার, ছাত্র সংসদ এলাকা ও পশ্চিম দিকে নারকেল গাছের নিচে নিয়মিত তাস খেলা ও মাদকের আসর বসায় বখাটেরা। কলেজের শিক্ষার্থীদের কাছে চাঁদা দাবি, মেয়েদের উত্ত্যক্ত করার ঘটণা ঘটছে প্রায় প্রতিদিন। এ ছাড়া কলেজের সামনের রাস্তায়, শ্যামলী সিনেমা হল এলাকা, রাসেল স্কয়ার, নাথপট্টি, বাগানবাড়ি এলাকায় ছাত্রীরা বখাটেদের কবলে পড়ে হেনস্তা হয়। কয়েকজন ছাত্রী জানান, বখাটেদের অনেকে মোটরসাইকেলে চড়ে সারা পথে উত্ত্যক্ত ও বাজে মন্তব্য ছুড়তে থাকে। বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুছ প্রথম আলোকে বলেন, ‘কলেজে বর্তমানে শিক্ষক-সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বিশাল এ কলেজে সাতটি বিষয়ে সম্মান ও একটি বিষয়ে মাস্টার্স এবং এইচএসসি ও স্নাতক শ্রেণীর বিপুলসংখ্যক শিক্ষার্থীর পাঠদান এখন কঠিন হয়ে পড়েছে। প্রতি মাসে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেও কোনো ফল পাচ্ছি না। ছাত্রীদের আবাসন-সংকট নিরসনের লক্ষ্যে একটি নতুন হল নির্মাণ করার জন্য আবেদন করেছি। আর বখাটেদের উৎপাত বন্ধের জন্য প্রায়ই আমরা কলেজের মূল ফটকে পুলিশ পাহারা বসিয়ে বৈধ ছাত্রদের পরিচয়পত্র যাচাই করি। তার পরও কিছু বখাটে মাঝেমধ্যে ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট করে, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’