বাংলা গান কম্পোজিশন করেছি: পল বিড্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের সফরে ঢাকায় এসেছে জ্যাজ গানের দল ‘পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ’। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার আয়োজনে আজ শনিবার সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অ্যামফিথিয়েটারে কনসার্টে অংশ নেয় জ্যাজ গানের এই দলটি। তাঁর আগে আজ দুপুরে হোটেল দি ওয়েস্টিনের লবিতে বসে কথা হয় গানের দলটির সঙ্গে। পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ ব্যান্ডদলের অন্যতম সদস্য পল বিড্রি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জ্যাজ অ্যাট লিংকন সেন্টারের যৌথ উদ্যোগে দ্য রিদম রোড: আমেরিকান মিউজিক অ্যাব্রড কর্মসূচির উদ্যোগে আমাদের বাংলাদেশে আসা। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকগানকে বিস্তারে এ কর্মসূচি করা হয়। আমরা এখানে এসেছি কিরগিজস্তান থেকে। বাংলাদেশের অনুষ্ঠান শেষে যাব ভারতে।’পল বিড্রি আরও বলেন, ‘বাংলাদেশের মিউজিক সম্পর্কে আমরা আগে শুনেছি। এবারই প্রথম এলাম গান করতে। ঢাকার অনুষ্ঠানকে কেন্দ্র করে ১০টি কম্পোজিশনের মধ্যে একটি বাংলা কম্পোজিশনও তৈরি করেছি।’পল বিড্রি আরও জানান, নিজেদের ব্যান্ডদল ‘পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ’ নামে গানের একটি অ্যালবাম প্রকাশ করেছেন। দ্বিতীয় অ্যালবামের কাজও এরই মধ্যে শুরু হয়ে গেছে। অ্যালবামের অর্ধেক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ২০১২ সালেই অ্যালবামটি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।‘দ্য রিদম রোড: আমেরিকান মিউজিক অ্যাব্রোড’ কর্মসূচির শুরু হয় ২০০৫ সালে। তারই আওতায় এ পর্যন্ত ১৫০টি সংগীত দল বা সংগীতশিল্পী বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছে।চার দিনের ঢাকা সফর শেষে কাল রোববার রাতেই ব্যান্ডদলটি ঢাকা ছাড়বে।পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ ব্যান্ডের লাইনআপ হচ্ছে: পল বিড্রি (বেইজিস্ট), টিম আরমাকস্ট (টেনর স্যাক্স ও আল্টো ফ্লুট), টনি জেফারসন (ড্রামার) ও বেনেট প্যাস্টার (কিবোর্ড)।