বাংলা গান করছে যুক্তরাষ্ট্রের জ্যাজ দল
চার দিনের সফরে ঢাকায় এসেছে যুক্তরাষ্ট্রের জ্যাজ গানের দল ‘পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ’। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের অ্যাম্ফিথিয়েটারে কনসার্টে অংশ নেয় দলটি। তার আগে দুপুরে হোটেল দ্য ওয়েস্টিনের লবিতে বসে কথা হয় পল বিড্রি অ্যান্ড পাথওয়েজের সদস্যদের সঙ্গে। এই ব্যান্ডের অন্যতম সদস্য পল বিড্রি বলেন, ‘যু্ক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টারের যৌথ উদ্যোগে “দ্য রিদম রোড: আমেরিকান মিউজিক অ্যাব্রড” কর্মসূচি নেওয়া হয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকগানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য। বাংলাদেশের পর আমরা অনুষ্ঠান করব ভারতে।’ পল বিড্রি আরও বলেন, ‘বাংলাদেশের গান সম্পর্কে আমরা আগে শুনেছি। ঢাকার অনুষ্ঠান উপলক্ষে তৈরি ১০টির মধ্যে একটি বাংলা কম্পোজিশনও আছে।’ পল বিড্রি আরও জানান, সম্প্রতি নিজেদের ব্যান্ডের নামেই এসেছে অ্যালবাম। নাম পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ। দ্বিতীয় অ্যালবামের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। দ্য রিদম রোড: আমেরিকান মিউজিক অ্যাব্রড কর্মসূচির শুরু হয় ২০০৫ সালে। চার দিনের ঢাকা সফর শেষে আজ রোববার রাতে ব্যান্ডটির ঢাকা ছাড়ার কথা আছে। পল বিড্রি অ্যান্ড পাথওয়েজ ব্যান্ডের লাইনআপ হলো পল বিড্রি (বেইজিস্ট), টিম আরমাকস্ট (টেনর স্যাক্স ও আল্টো ফ্লুট), টনি জেফারসন (ড্রামার) এবং বেনেট প্যাস্টার (কিবোর্ড)।