বাংলা গানের উৎসব কলকাতায়
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ‘বাংলা গানের উৎসব—কলকাতা ২০১৩’ শুরু হচ্ছে ৮ ফেব্রুয়ারি। উৎসবে বাংলাদেশ থেকে ৫৮ জন শিল্পী যোগ দেবেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে। আজ সোমবার সকালে কলকাতার একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলা গানের উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন এই উৎসবের উদ্যোক্তা। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী, ‘প্রথম আলো’র সহযোগী সম্পাদক ও বিশিষ্ট লেখক আনিসুল হক, পণ্ডিত অজয় চক্রবর্তী, রবি মাথুর প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর ১৬ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ আনিসুজ্জামান। কলকাতার টালিগঞ্জের আইটিসি সংগীত রিসার্চ একাডেমি চত্বরে আয়োজিত উৎসবে রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকগীতি, পল্লিগীতি থেকে শুরু করে ভাওয়াইয়া, জারি-সারি গান হবে। আরও থাকবে পঞ্চকবি, বৈঠকি, জীবনমুখী ও আধুনিক গান।