বাংলা চ্যানেল জয় করলেন মুসা ইব্রাহীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। আজ বেলা পৌনে ১২টায় তিনি কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সাঁতার শুরু করে টানা ছয় ঘণ্টা সাঁতরে পাঁচটা ৪৫ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন তিনি।সাঁতারু লিপটন সরকারের নেতৃত্বে ‘বাংলা চ্যানেল সাঁতার ২০১১’ নামের অভিযানে মুসা ইব্রাহীমের সঙ্গে মিজানুর রহমান সিনহা নামের এক ব্যক্তি অংশ নেন। তবে, তিনি তিন ঘণ্টা সাঁতার দেওয়ার পর ক্লান্ত হয়ে পড়লে উদ্ধারকারী দল তাঁকে ট্রলারে তুলে নিয়ে আসে।জানা গেছে, মুসার আগে লিপটন সরকার বিকেল পাঁচটা ৩৫ মিনিটেই সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন। তিনি এর আগে পাঁচবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।বাংলাদেশের মূল স্থলভাগের শেষ অংশ কক্সবাজার জেলার টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত বঙ্গোপসাগরের প্রায় সাড়ে ১৪ কিলোমিটার সমুদ্রপথই হচ্ছে বাংলা চ্যানেল।বাংলা চ্যানেল পাড়ি দেওয়া দেখতে এ সময়ে হাজার হাজার মানুষ শাহপরীর দ্বীপ এলাকায় উপস্থিত হয়। সাঁতার শুরুর আগে মুসা ইব্রাহীমকে টেকনাফ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।সাঁতারের সময় সাঁতারুদের পাশে উদ্ধারকারী ট্রলারে বাংলাদেশ নৌবাহিনীর দুজন ডুবুরি ও একটি চিকিত্সক দলও সঙ্গে ছিলেন।এ দিকে গত দুই দিন দুই সাঁতারু সেন্ট মার্টিনে সাঁতারের অনুশীলন করেছেন। গতকাল তাঁরা সেন্ট মার্টিন থেকে ছেঁড়া দ্বীপ পর্যন্ত ছয় কিলোমিটার সাগর সাঁতরে পাড়ি দেন।বাংলা চ্যানেল সাঁতার ২০১১ অভিযানের আয়োজক নর্থ আল পাইন ক্লাব বাংলাদেশ ও এক্সটিম বাংলা। সহযোগিতা করছে বাংলাদেশ নৌবাহিনী। পৃষ্ঠপোষক সামিট গ্রুপ ও নাভানা গ্রুপ। আরও সহযোগিতা করছে ফ্যাশন হাউস নিত্য উপহার।