বাংলা নববর্ষ উপলক্ষে ডিএমপির ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ চালু
কাল পয়লা বৈশাখ উদযাপনকালে যেকোনো ধরনের হারানো এবং প্রাপ্তিসংবাদ দ্রুত আদান-প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ তিনটি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ চালু করেছে।প্রথমটি স্থাপন করা হয়েছে রমনা পার্কের ভেতরে সাব-কন্ট্রোল রুমের পাশে, দ্বিতীয়টি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে টিএসসি গেটের পাশে এবং তৃতীয় সেন্টারটি স্থাপন করা হয়েছে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উত্তর পাশে।উল্লিখিত স্থানসংলগ্ন এলাকায় উত্সব চলাকালে যেকোনো হারানো ও প্রাপ্তিসংবাদ মাইকযোগে প্রচার করা হবে। পাশাপাশি জনসাধারণের সুবিধার্থে তিনটি মোবাইল নম্বর—রমনা পার্ক এলাকার জন্য ০১৭২৮০৬৭১৪৫, সোহরাওয়ার্দী উদ্যান এলাকার জন্য ০১৭২৮০৬৭১৪৬ এবং ধানমন্ডি রবীন্দ্রসরোবর এলাকার জন্য ০১৭২৮০৬৭১৪৭ খোলা থাকবে। প্রয়োজনে এই নম্বরগুলোতে সবাইকে যোগাযোগ করতে বলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।