বাংলা বই কম, তাই পালা করে পড়া
বাংলা বই পড়া নিয়ে বিপাকে পড়েছে তারা। কারণ, সরকার থেকে সরবরাহ করা নতুন বাংলা বই খুব কম শিক্ষার্থী পেয়েছে। যারা পেয়েছে, তাদের বই নিয়ে চলছে অন্য সহপাঠীদের টানাহেঁচড়া। সামনে প্রথম সাময়িক পরীক্ষা, তাই পালা করে পড়তে হচ্ছে তাদের। এই দুরবস্থায় পড়েছে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৭৬টি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। কিছু বিদ্যালয়ে পুরোনো ও ছেঁড়া বাংলা বই দিয়ে শিক্ষকেরা এ সমস্যা উতরানোর চেষ্টা করছেন।পুঠিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১১টি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সব শিক্ষার্থী বাংলা বই পেয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রথম শ্রেণীরও সব বই নেই। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেলেও অনেক বইয়ের ভেতর পাতা নেই। এর মধ্যে পঞ্চম শ্রেণীর বাংলা, পরিবেশ পরিচিতি সমাজ, চতুর্থ শ্রেণীর বাংলা, সমাজ ও বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর বাংলা, দ্বিতীয় ও প্রথম শ্রেণীর গণিত বইয়ে এ সমস্যা বেশি। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে ৪০ থেকে ৫৬ পৃষ্ঠা পর্যন্ত কোনো পাতা নেই। গত ২৫ মার্চ উপজেলার চকপালাশি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৪০ জনের মধ্যে তারা মাত্র তিনজন বাংলা বই পেয়েছে। এই তিনটি বই তারা পালা করে পড়ে। ক্লাসে যখন শিক্ষক আসেন, তখন তারা গোল হয়ে বসে কয়েকজন মিলে একটি বই পড়ে। আবার শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখে দিলে, তারা খাতায় তুলে বাড়িতে গিয়ে তা পড়ে। ক্লাসের শিক্ষার্থী নাজমুল হোসেনের ভাষ্য, ‘আমার কাছে পাঁচ দিন বাংলা বই ছিল। এখন আছে তা আরেকজনের কাছে। স্কুলে গেলেই শুধু ওই বই পড়ার সুযোগ পাই।’শিক্ষার্থী কুলসুম বলে, ‘বাংলা বইটি বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে এখনো আমার পালা আসেনি। বইটি এখন কারিমা নামে একজন সহপাঠীর কাছে আছে। সে আজ আসেনি। তাই বাংলা পড়া হচ্ছে না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, আমরা পুরোনো বইগুলো শিক্ষার্থীদের দিয়েছি। তারা সেগুলো পালা করে পড়ছে। আশা করি, পরীক্ষার আগেই বই পেয়ে যাব।উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৩০ জন শিক্ষার্থী পুরোনো ছেঁড়া বই পেয়েছে। অন্যরা বই থেকে ব্ল্যাকবোর্ডে লেখা পাঠ খাতায় তুলে নিয়ে পড়ছে। নাম না প্রকাশ করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, নতুন বই পাওয়ার আশায় প্রথম দুই মাস তাঁরা বই ছাড়াই ক্লাস নিয়েছেন। পরে সংশ্লিষ্ট সূত্রে জানতে পারেন, নতুন বই পাওয়ার সম্ভাবনা খুব কম। তারপর তাঁরা কিছু পুরোনো বই বেছে কয়েকজন শিক্ষার্থীর হাতে তুলে দেন। তিনি বলেন, দ্বিতীয় শ্রেণীতেই শিশু শিক্ষার্থীদের পঠনপাঠন ও উচ্চারণ শেখার ভিত তৈরি হয়। এ সময় তাদের হাতে বই না থাকলে শুধু ব্ল্যাকবোর্ডের মাধ্যমে ধারণা দেওয়া যায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন বলেন, উপজেলায় বইয়ের সরবরাহ নেই। বই এলেই আমরা পেয়ে যাব। তিনি বলেন, কিছু পুরোনো বই বাচ্চাদের দিয়েছি, তারা এসব বই পাশাপাশি বসে পড়ে।উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ৮৯ জন। তারা কেউই বাংলা বই পায়নি। বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের যে কয়টি পুরোনো ছেঁড়া বই দিয়েছেন, তাই তারা পালা করে পড়ছে। অথচ আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে তাদের প্রথম সাময়িক পরীক্ষা। এ ব্যাপারে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব বইয়ের ব্যাপারে তাঁরা চাহিদা দিয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নাটোরে দ্বিতীয় শ্রেণীর বাংলা বই উদ্বৃত্ত আছে। সেখান থেকে বই জোগাড় করতে বলেন তাঁরা। কিন্তু সেখানে গিয়েও একই সমস্যা দেখা যায়। তিনি বলেন, প্রতি বছরই পুরোনো কিছু বই দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু পাঠ্যসূচি পরিবর্তন হওয়ায় এবার পুরোনো বই দিয়ে সমস্যার সমাধান করা যাচ্ছে না। বিভিন্ন বইয়ের পাতা না থাকার ব্যাপারে তিনি বলেন, এ ধরনের বইয়ের নমুনাসহ একটি তালিকা পাঠানো হয়েছে। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।