বাংলা বর্ণ নিয়ে একুশে ফেব্রুয়ারিতে বর্ণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ণমালা নিয়ে বর্ণমেলার আয়োজন করতে যাচ্ছে প্রথম আলো। একুশে ফেব্রুয়ারি ‘বর্ণমেলা’ শিরোনামে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে ঢাকার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সব বয়সী মানুষের মধ্যে বাংলা বর্ণ তথা ভাষা সম্পর্কে মমত্ববোধ বাড়ানোর জন্য বর্ণ নিয়ে থাকবে নানা আয়োজন। যে শিশুটির এখনো বাংলা বর্ণে হাতেখড়ি হয়নি, তার জন্য যেমন হাতেখড়ির আয়োজন থাকবে, তেমনি বড়দের জন্যও থাকবে বর্ণ নিয়ে জানা-অজানা বিষয়ে মজার আয়োজন।এর মধ্যে থাকবে বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, আড্ডা, গোলকধাঁধা, নাগরদোলা, আলোকচিত্র প্রদর্শনী, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পাপেট-মাপেট শো, মাইম প্রদর্শনী, ভাষা ও বর্ণের গান, ছবি আঁকার প্রতিযোগিতা ইত্যাদি। বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে বর্ণমেলায়। আরও থাকবে গান, কবিতা আবৃত্তি।বর্ণমেলায় শিশুদের জন্য থাকবে বর্ণ নিয়ে বেশ কিছু প্রতিযোগিতা। বর্ণ প্রদর্শনী, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে দুটি বিভাগে। প্রাথমিক বিভাগে অংশ নিতে পারবে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। মাধ্যমিক বিভাগে অংশ নেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। বর্ণ প্রদর্শনীর জন্য ইতিমধ্যে হরেকরকম নকশার প্রচুর বর্ণ এসে জমা হয়েছে প্রথম আলোর কার্যালয়ে। এর মধ্য থেকে সেরা ৫০টি বর্ণ প্রদর্শিত হবে বর্ণমেলায়। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে সকাল নয়টা থেকে সাড়ে নয়টা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ১০টা থেকে ১১টা। বর্ণে যাদের এখনো হাতেখড়ি হয়নি, তাদের জন্য বর্ণমেলায় থাকবে আকর্ষণীয় আয়োজন ‘হাতেখড়ি’। শিশুদের হাতে ধরে সেখানে বর্ণ আঁকা শেখাবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য্য এবং কবি নির্মলেন্দু গুণসহ বিশিষ্টজনেরা। গুণীজনের স্বাক্ষরসহ সেই বর্ণ দিয়ে দেওয়া হবে শিশুদের। যেসব শিশু এখনো বর্ণ আঁকা শেখেনি, বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে তারা হাতেখড়ি নিতে পারবে। বর্ণমেলার পৃষ্ঠপোষক স্যান্ডালিনা, নাভানা, সামিট, অটবি ও পারটেক্স। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।