বাংলা বিভাগের সভাপতিকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের সহযোগিতায় শিবির ক্যাডাররা পরীক্ষা দিচ্ছে—এমন অভিযোগ এনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আজ মঙ্গলবার বাংলা বিভাগের সভাপতি সফিকুন্নবী সামাদীকে লাঞ্ছিত করেছেন। একই অভিযোগে তাঁরা সভাপতির পদ থেকে তাঁর পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন।বাংলা বিভাগ সূত্র জানায়, আজ সকাল ১০টা থেকে বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। ওই বর্ষের ছাত্র ও ছাত্রশিবিরের ক্যাডার মার্শাল পরীক্ষা দিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের কর্মী বিল ও সৌরভ পরীক্ষা হলের জানালা দিয়ে মার্শালকে খোঁজাখুজি করতে থাকেন। এ ঘটনায় পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষক ও বাংলা বিভাগের সভাপতি সফিকুন্নবী সামাদী তাঁদের বাধা দিয়ে পরীক্ষার হলসংলগ্ন এলাকা থেকে চলে যেতে বলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা অধ্যাপক সামাদীকে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসতে বলেন। এতে অধ্যাপক সামাদী অস্বীকৃতি জানালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপরে চড়াও হন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী পরীক্ষা বন্ধের দাবিতে সেখানে হইচই শুরু করেন। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রক্টর চৌধুরী মুহাম্মদ জাকারিয়া, বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন, খন্দকার ফরহাদ হোসেন ও হারুন-অর রশীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাত্ক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশে বলেন, শিক্ষকেরা নিরাপত্তা দিয়ে শিবির ক্যাডারদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আজও এ ঘটনা ঘটেছে। তাই তাঁরা অধ্যাপক সামাদীর পদত্যাগ দাবি করে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।অধ্যাপক সামাদীর সঙ্গে যোগাযোগ করা হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের আচরণে দুঃখ প্রকাশ করে তিনি প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলাকালে জানালা দিয়ে কাউকে খোঁজাখুঁজি করা কোনো ছাত্রের স্বাভাবিক আচরণ নয়। তিনি বলেন, কোনো ছাত্র দোষী হলে বিশ্ববিদ্যালয় বা পুলিশ প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আওয়াল কবির বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি এবং তা মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’