বাংলা ভাইয়ের স্ত্রীসহ জেএমবির তিন সদস্যের ২০ বছর করে কারাদণ্ড
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমাসহ তিনজনকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন সালাউদ্দিন ওরফে সালেহিন ও আসাদুজ্জামান পনির ওরফে আসাদ।রায়ে উল্লেখ করা হয়, এই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হলো। একই সঙ্গে আদালত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছর বাড়তি কারাদণ্ড ভোগ করতে হবে।মামলার বিবরণে জানা যায়, জেএমবির সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানির দেওয়া তথ্যের ভিত্তিতে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন আকোয়া গ্রামের খোরশেদ উদ্দিনের বাড়িতে অভিযান চালান র্যাব-৯-এর সদস্যরা। এ সময় আসাদুজ্জামান পনিরকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৯-এর সদস্য এনায়েত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।২০০৬ সালের ১৬ জুন জেএমবি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা, আসাদুজ্জামান পনির ও সালাউদ্দিন ওরফে সালেহিন—এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ‘দুই বিচারক’ হত্যা মামলায় বাংলা ভাই ও সানির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়। বাকি তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।