বাংলা ভাইয়ের অপারেশন সহযোগী গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও বাংলা ভাইয়ের অপারেশন সহযোগী আবদুর রাজ্জাককে (৩৫) আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। রাজ্জাকের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুরে র্যাব-৫ বাগমারা ক্যাম্পের একটি গোয়েন্দা দল যাত্রাগাছী বাজারে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে আবদুর রাজ্জাক নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে র্যাবের গোয়েন্দা দল তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজ্জাক বাগমারা এলাকায় বাংলা ভাইয়ের অপারেশন সহযোগী ছিলেন। ওই সময় বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন অপারেশনে তিনি অংশ নিয়েছিলেন।র্যাব-৫-এর জঙ্গি দমন সেলের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা গোলাম সারোয়ার জানান, কাঁঠালবাড়ী গ্রামের আবদুল মান্নান জঙ্গিকাজে মদদদান ও চাঁদাবাজির অভিযোগে আবদুর রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই সময়ে বাদী মান্নানকে চাঁদার দাবিতে বাংলা ভাইসহ অন্য জঙ্গিরা নির্যাতন করে। আবদুর রাজ্জাক ওই মামলার পলাতক আসামি।র্যাবের বাগমারা ক্যাম্পের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, রাজ্জাকের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।