বাংলা ভাইয়ের আত্মীয়সহ দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহম্মদ ইউনুস হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হচ্ছেন সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের বড় ভাই রফিকুল ইসলামের জামাতা শহিদুল্লাহ ওরফে মাহাবুব এবং শফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম। মাহবুবের বাড়ি নওগাঁ জেলার সদর উপজেলার সারকডাঙ্গা গ্রামে। শফিউল্লাহর বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইটাগাছা গ্রামে। খালাসপ্রাপ্ত আসামিরা হচ্ছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর লক্ষ্মীপুরের আবু ইছা ওরফে এনামুল হক, জামালপুরের শেখেরভিটা গ্রামের গোলামুর রহমান ওরফে গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সন্ন্যাসীকূপ (কয়লার দিয়াড়) গ্রামের আবুল কাশেম ওরফে তুফান, রাজশাহীর বাগমারার হামিরকুত্সা গ্রামের আবদুল মতিন ওরফে বোমারু মতিন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আবদুর রহমান ওরফে আরিফ ওরফে ফাহাদ ওরফে আলাল এবং রাজশাহীর বাগমারার তক্তপাড়া গ্রামের জাকির।গতকাল রায় ঘোষণার সময় জাকির ছাড়া অন্য সাতজনই আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ইউনুসকে হত্যা করা হয়। এ ঘটনায় ইউনুসের ভাই আবদুল হালিম বাদী হয়ে ২৫ ডিসেম্বর রাজশাহীর মতিহার থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন।মামলাটি ২৪ কার্যদিবসে শেষ হয়। এতে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিপক্ষে কৌঁসুলি ছিলেন মিজানুল ইসলাম, আবু মোহাম্মদ সেলিম, আমজাদ হোসেন ও সালাহ উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ইনতাজুল হক। গত ৩১ ডিসেম্বর মামলার যুক্তি-তর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছিল গত ১৪ জানুয়ারি। কিন্তু বিচারক ছুটিতে থাকায় ওই দিন রায় ঘোষণা করা হয়নি।গতকাল দুপুর পৌনে দুইটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়। এর প্রায় এক ঘণ্টা পরে আদালত বসে। রায় ঘোষণার আগে বিচারক প্রথমে মুহম্মদ ইউনুসের পরিচয় তুলে ধরেন। তারপর দীর্ঘ সময় ধরে তিনি বর্ণনা করেন কীভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল, কোথায় কীভাবে আঘাত করা হয়েছিল, কারা প্রথম লাশ দেখেছিলেন।বিচারক বলেন, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী ছিল না। তাই শুধু দুই আসামির স্বীকারোক্তির ওপর নির্ভর করে রায় দেওয়া হয়েছে। তিনি বলেন, আসামি শহিদুল্লাহর স্বীকারোক্তি আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। তা ছাড়া তাঁর গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। ফলে তাঁকে নির্যাতন করে নয়, তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন বলে মনে করেছে আদালত।আর শফিউল্লাহ গাজীপুরে একটি মামলায় এই হত্যাকাণ্ডের যে স্বীকারোক্তি দিয়েছেন, তার ফটোকপি পাওয়া গেছে। এটি সত্যায়িত ছিল না। তবে যিনি এটি লিখেছেন, তিনি এসে দেখার পরে তা গ্রহণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক ইউনুসের মেয়ে সারা সুদীপা ইউনুস প্রথম আলোকে বলেন, ‘প্রতিক্রিয়া জানানোর মতো কিছু নেই। রায় দ্রুত কার্যকর হোক, এটাই চাই।’রায়কে স্বাগত রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, অধ্যাপক মুহম্মদ ইউনুস হত্যা মামলার রায়কে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতা ও বিভিন্ন সংগঠন। একই সঙ্গে রায় দ্রুত কার্যকর করারও আহ্বান জানিয়েছে তাঁরা।বিশ্ববিদ্যালয়ের ‘প্রগতিশীল শিক্ষক সমাজ’-এর আহ্বায়ক অধ্যাপক শাহ্ নওয়াজ আলী বলেন, অধ্যাপক ইউনুসকে হত্যার ফলে বিশ্ববিদ্যালয় পরিবার এবং সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষককে এভাবে খুন হতে না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বঙ্গবন্ধু পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান জানান, এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো। রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।নাট্যকার ও বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মলয় ভৌমিক বলেন, অধ্যাপক ইউনুস হত্যার পর থেকে অন্য শিক্ষকেরাও দুশ্চিন্তায় ছিলেন। আজ সবাই স্বস্তি পেলেন।এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট ও ছাত্র ইউনিয়নসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রায়কে স্বাগত জানিয়ে অবিলম্বে রায় কার্যকরের দাবি জানিয়েছে।