বাংলা ভাইয়ের সহযোগী জেএমবি নেতা মাসুদুর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা বাংলা ভাইখ্যাত সাইদুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী মাসুদুর রহমান ওরফে রানু চৌধুরীকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কালাই শহরের মসজিদ মার্কেটসংলগ্ন একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে কালাই থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, সম্প্রতি জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় কালাই থানায় করা মামলায় মাসুদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাংলা ভাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পুলিশের খাতায় তালিকাভুক্ত মাসুদুর।তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, বিরোধী দলের ১২ মার্চের কর্মসূচিকে ঘিরে নাশকতা ও জঙ্গি হামলা চালানো হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদুরকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগেও ২০০৩ সালে জয়পুরহাটের উত্তর মহেশপুর গ্রামে জেএমবি-পুলিশ বন্দুকযুদ্ধ এবং পুলিশের অস্ত্র লুট মামলা, দেশ জুড়ে বোমা হামলা মামলা এবং কালাইয়ে বেগুনগ্রামে গফুর পীরের আস্তানায় পাঁচ ভক্ত-খাদেমকে জবাই করে হত্যা মামলাসহ বেশ কয়েকটি আলোচিত মামলায় একাধিকবার মাসুদুরকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি একাধিক মামলায় আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে বেশ কয়েক বছর আত্মগোপন করেছিলেন। সম্প্রতি বেগুনগ্রামে পীরের আস্তানায় পাঁচ খুনের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আদালতে দেওয়া অভিযোগপত্র থেকে অব্যাহতি পেয়ে তিনি এলাকায় ফিরেন।