বাংলা ভাষা অবমাননাকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ভাষার প্রতি অবমাননার প্রতিবাদে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে একাধিক সংগঠন মানববন্ধন করেছে। মানববন্ধন কর্মসূচি থেকে সংশ্লিষ্টদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সংগঠনগুলোর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা মহানগর সমন্বয় কমিটি, জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা বলেন, গত বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দি গান ও কুরুচিপূর্ণ নাচ পরিবেশন করা হয়। তাঁরা বলেন, রফিক, শফিক, জব্বারের রক্তে রাঙা ফেব্রুয়ারি মাসে ওই পরিবেশনা বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবমাননা করেছে। বাণিজ্যিক স্বার্থে এ ধরনের অবমাননা মানুষ সহ্য করতে পারে না। এতে দেশের প্রতিটি মানুষ ক্ষুব্ধ হয়েছে।জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে করিম সিকদার, ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।