বাংলা ভাষা এখন পথ দেখাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বসভায় সেই প্রথম বাংলা ভাষার চর্চা। অথচ ভাষা ব্যবহারকারীদের সংখ্যার বিচারে এই ভাষা তখন বিশ্বের নবম। এই ভাষার মর্যাদা রক্ষায় বাংলাদেশে অনেক তরুণ বুকের রক্ত দিয়েছেন, দিয়েছেন আসামেও। এবং এই ভাষার এক কবি প্রথম অ-পশ্চিমা হিসেবে জয় করেছেন নোবেল পুরস্কার। সেই ১৯৭৪ থেকেই দাবি উঠছিল বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক একটি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার। এই দাবির পক্ষে দেশে-বিদেশে জনমত সৃষ্টি হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর দেড় যুগের যে অমানিশা নেমে এসেছিল বাংলাদেশের ওপর, যা গ্রাস করেছিল আমাদের সংস্কৃতির সুন্দর ও সমৃদ্ধ অঞ্চলগুলোকে, তা বাধা হয়ে দাঁড়িয়েছিল এই দাবি পূরণে। অনেক দিন পর হারানো গণতন্ত্র উদ্ধার হলো, ভাষার প্রশ্নে আবার নতুন চিন্তা শুরু হলো। তত দিনে সারা বিশ্বে বিপন্ন মাতৃভাষাগুলো নিয়ে দেখা দিয়েছে উদ্বিগ্নতা। বিশ্বায়নের ফলে ইংরেজির আগ্রাসী বিস্তার লুপ্ত করে দিচ্ছে অনেক ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষা, চর্চাকারীর অভাবেও হারিয়ে যাচ্ছে আরও অনেক মাতৃভাষা। তা ছাড়া উত্তরাধুনিক চিন্তার প্রভাবে সংস্কৃতি ও ভাষার প্রশ্নে একবচনীয় দৃষ্টিভঙ্গির জায়গায় দেখা দিচ্ছে বহুবচনীয় চিন্তা। বাংলাদেশেও আমরা এই প্রথম বাংলার পাশাপাশি বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষাকে সমান মর্যাদা দেওয়ার দাবি তুলেছি। এই দাবি একুশের চেতনাকে নতুন এক মহিমা দিয়েছে। একুশের শহীদেরা বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। ভাষার প্রতি তাঁদের ভালোবাসা সব মাতৃভাষার প্রতি প্রসারিত হোক, আমরা এই কামনা করেছি।এই চেতনাটি নতুন করে জেগে ওঠা বাংলাদেশেরই এক পরিচয় এবং অত্যন্ত সংগতভাবেই, একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালনের প্রস্তাবটিও উত্থাপিত হতে থাকে। এবং দুজন কানাডাপ্রবাসী বাংলাদেশি যখন এ লক্ষ্যে কাজে নেমে পড়েন, তাঁরা প্রমাণ করেন, বাঙালি যে যেখানেই থাকুন না কেন, ভাষার টানটি থাকে হূদয়ের গভীরে। প্রতিদিন সেই টান তাদের বাংলাদেশের মাটি ও মানুষের কাছে ফিরিয়ে নিয়ে আসে।১৯৯৬ সালে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক কমিশন ইউনেসকো যখন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেয়, আমার মনে হয়েছিল বাংলাদেশের জন্য এটি এক বিরাট অর্জন। বাংলা ভাষা এখন পথ দেখাচ্ছে, সাহস জোগাচ্ছে বিশ্বের সব মাতৃভাষাকে, বিশেষ করে যেগুলো বিপন্ন। এই দিনটি বিশ্বে ঘোষণা করছে বাংলা ভাষার শক্তি ও মহিমা এবং বাংলাদেশের নতুন করে জেগে ওঠার কথা। আজ থেকে ১০০ বছর পর যদি ১০০টি মাতৃভাষাও বাংলা ভাষার জন্য টিকে থাকে, তা হবে মানবসভ্যতায় একুশে ফেব্রুয়ারির এক বিশাল অবদান।সৈয়দ মনজুরুল ইসলাম: লেখক ও অধ্যাপক