বাংলা ভাষার অবক্ষয় রোধে কমিটি গঠন
বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, সঠিক শব্দচয়ন, বিদেশি ভাষার সুরে উচ্চারণ এবং বাংলার অবক্ষয় রোধের উপায় নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।আজ বুধবার মন্ত্রণালয় এই কমিটি গঠন করে একটি আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হাইকোর্টের নির্দেশের আলোকে এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমীর মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, কবি রফিক আজাদ, কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, তথ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়) এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্ম সচিবের নিচে নয়)। কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (অডিট ও আইন)।কমিটি প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে যথাশিগগির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের এক নির্দেশনায় বাংলা ভাষার দূষণ, বিকৃত উচ্চারণ, সঠিক শব্দচয়ন, ভিন্ন ভাষার সুরে বাংলা উচ্চারণ ও বাংলা ভাষার অবক্ষয় রোধে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নির্ধারণ করতে আনিসুজ্জামানের নেতৃত্বে কমিটি গঠন করতে বলা হয়।