বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছড়িয়ে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন—এইচএসবিসি। বিশ্বের স্থানীয় ব্যাংক—এ নামেই এইচএসবিসি পরিচিত। বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে এই ব্যাংক। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি শুধু নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও এই প্রতিষ্ঠান অনেক উদ্যোগ নেয়। যেসব দেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম আছে, সেসব দেশের ভাষা, শিল্প, সংস্কৃতি-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত হতে চায় এইচএসবিসি। এই আগ্রহ থেকেই বাংলাদেশে স্কুল-কলেজ পর্যায়ে ভাষা প্রতিযোগ আয়োজনে প্রথম আলোর সঙ্গে যুক্ত হয়েছে এই প্রতিষ্ঠান। এবারের জাতীয় উৎসবে সংস্থাটির করপোরেট সাসটেইনেবিলিটি অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মো. সামি আল হাফিজ। তিনি শিশুকিশোর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভাষা প্রতিযোগের সঙ্গে এইচএসবিসির সাত বছরের অভিজ্ঞতা। ভাষা প্রতিযোগ উপলক্ষে এই সাত বছরে আমরা অনেক জায়গায় গিয়েছি, তোমাদের অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। আজ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সবাই যে ভালো করবে তা নয়। আশা করি পুরস্কার পাওয়াকে বেশি গুরুত্ব দেবে না। এখানে তোমরা অনেক নতুন বন্ধুর সঙ্গে পরিচিত হচ্ছ, তোমাদের অতি প্রিয় শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারছ, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সময়টা উপভোগ করতে পারছ—এগুলোই মূল বিষয়। বাংলা ভাষার প্রতি তোমাদের আগ্রহ বাড়ানোর জন্যই এই প্রচেষ্টা। বাংলা ভাষার প্রতি তোমাদের এই ভালোবাসা পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে দেবে, যাতে তারাও বাংলা ভাষার অনুপম সৌন্দর্য উপলব্ধি করে।’নিজের দেশ ও নিজের ভাষার প্রতি মমতা সৃষ্টির জন্য ছাত্রজীবনই গুরুত্বপূর্ণ সময়। কৈশোরে দেশ ও মানুষের প্রতি ভালোবাসা ও প্রীতি থাকে বেশি। এই সময়কে কাজে লাগিয়ে দেশের শিশুকিশোরদের মনে নিজের দেশ ও নিজেদের ভাষার আগ্রহ ও উদ্দীপনা জাগিয়ে তুলতে চায় এইচএসবিসি।