মাতৃভাষা বাংলা হওয়ার পরও হিন্দিতে কথা বলার প্রতি কারও কারও আগ্রহ দেখে অবাক সাইফা সিদ্দিকী। বাংলা ভাষার সম্মান ও মর্যাদা রক্ষার জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের কাছে জোর দাবি জানায় সে। গতকাল শনিবার ভাষা প্রতিযোগে বরিশাল অঞ্চলের সেরাদের সেরা হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফার তরুণ কণ্ঠে এই দাবি ওঠে।বরিশাল অমৃতলাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে গতকাল সাইফার মতো অন্তত এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। তারা আসে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। বিপুলসংখ্যক শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে ভাষা প্রতিযোগ এক মিলনমেলায় পরিণত হয়।সকাল নয়টায় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের সঙ্গে প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন অমৃতলাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক দানিউল হক। তপংকর চক্রবর্তী বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকা নয়, একটি সামাজিক আন্দোলন। ভাষা প্রতিযোগ শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি আরও শ্রদ্ধা ও আগ্রহ সৃষ্টি করছে। বাংলা ভাষার মাধ্যমে আগামী দিনে নতুন প্রজন্ম আরও সমৃদ্ধ হবে।’উদ্বোধনের পর শুরু হয় ৩০ মিনিটের প্রতিযোগিতামূলক পরীক্ষা। এরপর শিক্ষার্থীদের মুগ্ধ করে দেশাত্মবোধক গানের সুরে সুরে বন্ধুসভার সদস্যদের বিশেষ কোরিওগ্রাফি। সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন শিল্পী পুলক। নৃত্য পরিবেশন করে অংশগ্রহণকারী বন্ধু শামরী রহমান।এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব; শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত প্রশ্ন আর অতিথিদের উত্তর দেওয়ার পালা। আমিনা বাশার প্রশ্ন করে, বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ আছে। পৃথিবীর অন্য কোনো ভাষায় কি বাংলা ভাষার শব্দ আছে? মাহবুবা হকের প্রশ্ন, কেন অধিকাংশ ক্ষেত্রে ঈ-কার তুলে দিয়ে ই-কার ব্যবহূত হচ্ছে? মাজহারুল ইসলামের প্রশ্ন ছিল, ইংরেজিতে চার বছর পরপর ‘লিপ ইয়ার’ বা অধিবর্ষ হয়, বাংলায় এ রকম আছে কি না। এমন নানা প্রশ্ন করার পাশাপাশি কেউ কেউ বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানায়।শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দানিউল হক, শিক্ষক তারেক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মনজুর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাত আরা সোহেলী, শারমিন আক্তার ও প্রকৃতিপ্রেমী মোকারম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর। বরিশাল আঞ্চলিক ভাষা প্রতিযোগে চারটি দলে ৬০ জন বিজয়ী হয়েছে। তারা সবাই ঢাকায় জাতীয় উৎসবে অংশ নেবে। বিজয়ীদের সনদ, পদক এবং বই তুলে দেন অতিথিরা। সঞ্চারক টি-শার্ট পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।