বাংলা ভাষার সঙ্গে একবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেরা দেশকে ভালোবাসলে বলা হয় দেশপ্রেমিক, কিন্তু মেয়েরা ভালোবাসলে দেশপ্রেমিকা বলা হয় না কেন? বাঘ শব্দের ইংরেজি টাইগার, কিন্তু জাতীয় পশুর ক্ষেত্রে ‘রয়েল বেঙ্গল টাইগার’ বলতে হবে কেন কিংবা ভাষার উন্নতিতে সাহিত্য কীভাবে ভূমিকা রাখে?এ রকম অসংখ্য কৌতূহলী প্রশ্নবাণে গতকাল শুক্রবার যশোর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত আঞ্চলিক ভাষা প্রতিযোগ উৎসবে উপস্থিত অতিথিদের জর্জরিত করেছে খুদে ভাষাবিদেরা। এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে গতকাল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও যশোরের ১২৯টি স্কুল-কলেজের ৮৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়।সকাল সোয়া নয়টায় বন্ধুসভার বন্ধুদের কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমীরুল আলম খান। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা ওড়ান জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম। উদ্বোধন ঘোষণার সময় আমীরুল আলম খান তাঁর বক্তব্যে বলেন, ‘ভাষার লড়াইয়ে ১৯৫২ সালে আমরা বিজয়ী হয়েছি। এ ভাষাকে পরিচর্যা করা না গেলে অন্য ভাষার আগ্রাসনে আমাদের মাতৃভাষা হারিয়ে যাবে। প্রথম আলো এ পরিচর্যার কাজটি করে চলেছে, যা একটি চমৎকার উদ্যোগ।’উদ্বোধন শেষে ৩৫ মিনিটের লিখিত পরীক্ষা হয়। পরে ক্লোজ-আপ ওয়ান তারকা কৌশিক খাঁর গানের মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এই পর্বে বন্ধুসভার হাফসা সিদ্দিকা ও মুনিয়া হুসাইন সমবেত নাচ এবং বেনজির আহমেদ গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। পরে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব প্রশ্নোত্তর। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দানীউল হক, অধ্যাপক আমীরুল আলম খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মো. রজিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ, প্রভাষক বাকী বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক তারিক মনজুর, ঝিনাইদহ ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল আলম, যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহম্মদ গোলাম মোস্তাফা ও জিলা স্কুলের ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর।অনুষ্ঠানে আসা এক শিক্ষার্থীর মা সুস্মিতা গোলদার তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথম আলোকে বলেন, ‘অন্য যেকোনো অনুষ্ঠানের চেয়ে প্রথম আলোর এ অনুষ্ঠানটা একদমই আলাদা। এই অনুষ্ঠানে এলে ছেলেমেয়েরা তাদের মনে উঁকি-ঝুঁকি দেওয়া সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। আমরাও বাংলা ভাষার সঙ্গে একবেলা কাটাতে পারি। এটি খুবই ভালো লাগে।’লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬০ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় ভাষা প্রতিযোগ উৎসবে যাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। এসব বিজয়ীকে পদক পরিয়ে দেওয়া হয়। এ ছাড়া সনদ ও টি-শার্টও দেওয়া হয়।ঢাকার জাতীয় ভাষা প্রতিযোগে সুযোগ পেয়ে উল্লসিত যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী জান্নাতুল শেফা। সে উচ্চমাধ্যমিক বিভাগে প্রথম হয়েছে। শেফা বলেছে, ‘জাতীয় প্রতিযোগে সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে। তা ছাড়া প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে এত বেশি জেনেছি, যা কখনো চিন্তাই করিনি।’