বাংলা ভাষার সম্মান ও গৌরব রক্ষার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থিত অতিথিদের কাছে বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রায়হানা বীথির প্রশ্ন ছিল, চর্যাপদ কী? জিলা স্কুলের নওশাদ স্বপ্নিলের প্রশ্ন, ভাষা আন্দোলনের সূচনা কবে? এমন সব রকমারি প্রশ্ন আর তাত্ক্ষণিক জবাবে প্রাণবন্ত ওঠে এইচএসবিসি-প্রথম আলো বরগুনা অঞ্চলের ভাষা প্রতিযোগের প্রশ্নোত্তর পর্ব। বাংলা ভাষার সম্মান ও গৌরব রক্ষায় অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল সোমবার বরগুনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ভাষা প্রতিযোগ।সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে এই বর্ণাঢ্য মিলনমেলার উদ্বোধন করেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক।বাংলা ভাষা নিয়ে মজার সব প্রশ্ন, জানা-অজানা নানা বিষয়ের ওপর প্রাণবন্ত আলোচনা, নাচ-গান—সব মিলিয়ে অনুষ্ঠানজুড়ে ছিল উত্সবের আমেজ। এতে অংশ নেয় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২৩ জন শিক্ষার্থী। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা দিনব্যাপী এ অনুষ্ঠানে যোগ দেন।ভাষা প্রতিযোগের চারটি বিভাগের লিখিত নৈর্ব্যক্তিক পরীক্ষার পর শুরু হয় মুক্ত আলোচনা। শুরুতে অধ্যাপক সৈয়দ আজিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বলো তো, আজ ৮ মার্চ কী দিবস?’ শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জবাব দেয়, আন্তর্জাতিক নারী দিবস। তিনি বলেন, আজ এই দিবসের শততম বার্ষিকী। নারীর অধিকার প্রতিষ্ঠায় এই দিবস পালন করা হয়।সৈয়দ আজিজুল হক বলেন, ‘নারীর মতোই আমাদের মাতৃভাষা বঞ্চনা ও বৈষম্যের শিকার। মাতৃভাষার সম্মান ও মর্যাদা বাড়াতে হলে আমাদের ব্যবহারিক জীবনে শুদ্ধ বাংলা ভাষার চর্চা করতে হবে। মায়ের ভাষাকে সম্মান জানাতে হবে। মাতৃভাষা নিয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি ও গৌরব বৃদ্ধি করতেই আজকের এ আয়োজন।’বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস বলেন, ‘বাংলা ভাষা আজ শুধু বাঙালি নয়, সারা বিশ্বের মানুষের কাছে পরম শ্রদ্ধার স্মারক। বাঙালি হিসেবে সেই ভাষার সম্মান ও গৌরব রক্ষা আমাদের দায়িত্ব।’ প্রথম আলো এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন করায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের প্রত্যেককে শুদ্ধ মাতৃভাষা শেখার জন্য অভিধান দেখার অভ্যাস গড়তে হবে। যারা বলে বাংলা ভাষা খুব কঠিন, তা সত্য নয়। কারণ একটি চক্র এই ভাষাকে কঠিন করে আমাদের মধ্যে চাপিয়ে দিয়েছে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক মঞ্জুর, বরগুনা সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আবদুস সাত্তার, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা সামি হাফিজ, বরগুনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, বরগুনা বন্ধুসভার সভাপতি মাসউদ সিকদার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক জাহীদ রেজা নূর ও ঢাকা বন্ধুসভার তুষার। অনুষ্ঠানে বরগুনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবদুল হালিম একাত্তরে তাঁর রণাঙ্গনের গল্প উপস্থাপন করেন।এর ফাঁকে শিল্পী বাবুল সাহা পরিবেশন করেন ‘আমি বাঙলার গান গাই’ গানটি। উপস্থিত শিক্ষার্থী, অতিথি ও অভিভাবকেরা তাঁর সঙ্গে গলা মেলান। এরপর সোনিয়া শোনান ‘আমার মাঝে নেই আর আমি’ গান। সংগীতা শোনান একটি আধুনিক গান। আর খুদে নৃত্যশিল্পী রিফা নেচে মুগ্ধ করে সবাইকে। অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন, সম্পাদক সঞ্জীব দাসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বরগুনা অঞ্চলের ৫২ জন বিজয়ী হন। তাঁদের হাতে পুরস্কার হিসেবে বই, সনদ ও পদক তুলে দেন অতিথিরা। অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় অভিজ্ঞানপত্র।