বাংলা ভাষার সীমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবে একবার শিখে ফেলার পর মাতৃভাষার কথা আমরা বলতে গেলে ভুলেই যাই। কারণ, মাতৃভাষা আমাদের চারদিকের বাতাসের মতো। নিরন্তর শ্বাস নেওয়ার সময় যেমন বাতাসের অস্তিত্বের কথা আমাদের মনে থাকে না, মনে রাখার দরকার হয় না, তেমনি বেঁচে থাকার প্রতি মুহূর্তে—সজ্ঞানে এবং অবচেতনায়—মাতৃভাষার প্রয়োজন হলেও, তার অস্তিত্ব সম্পর্কে আমরা সচেতন থাকি না। কিন্তু এ ব্যাপারে বাংলা ভাষা খানিকটা ব্যতিক্রম। এ ভাষা মুসলমানদের মাতৃভাষা কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ১০০ বছরেরও আগে। তারপর সেই বিতর্কের চূড়ান্ত প্রকাশ ঘটে ভাষা আন্দোলনের মাধ্যমে। সেও ৬১ বছর আগেকার কথা। সুতরাং মাতৃভাষা বাংলাকে নিয়ে বাঙালি মুসলমানরা ১০০ বছর ধরেই সচেতন। এ ছাড়া, বাংলা সাহিত্য নিয়ে হিন্দু-মুসলমান সব বাঙালিরই দারুণ গর্ব। এই গর্বের সূচনা রবীন্দ্রনাথকে নিয়ে—বাংলা ভাষার কবি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ১০০ বছর আগে। ভাষা ও সাহিত্য নিয়ে বাঙালিদের এত গর্ব সত্ত্বেও ভাবতে ইচ্ছে করে: বাংলা ভাষার অর্জন কতটা? আমরা কতটা এগিয়েছি? এবং এখন এর গতি কোন দিকে?উনিশ শতকে প্রাত্যহিক জীবন এবং সাহিত্যের প্রয়োজনে যে ভাষা গড়ে উঠেছিল রামমোহন রায়, অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র আর বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে—শব্দাবলি, রচনাশৈলী এবং সৌন্দর্যের দিক দিয়ে তা অসামান্য। আঠারো শতকের বাংলার সঙ্গে উনিশ শতকের বাংলার কোনো তুলনাই চলে না। কিন্তু ঐশ্বর্যবতী হলেও, সে ভাষা ছিল কৃত্রিম। মানুষের প্রতিদিনের মুখের ভাষার সঙ্গে তার ছিল বিরাট ব্যবধান। এককথায় সে ছিল কৃত্রিম। কিন্তু রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর সবুজপত্র নামের একটি মাসিক পত্রিকাকে কেন্দ্র করে বলতে গেলে তিনি একাই বাংলা ভাষার সেই কৃত্রিমতার বৈশিষ্ট্য ঘুচিয়ে দেন। কথ্য রীতিকেই তিনি লেখ্য রীতিতে পরিণত করেন। সেই সঙ্গে বাংলা ভাষাকে সরল, সাবলীল এবং সৌন্দর্যবতী রূপ দান করেন তিনি। তার পর থেকে তাঁর প্রবর্তিত সেই বাংলাই প্রামাণ্য কথ্য এবং লেখ্য ভাষা হিসেবে গণ্য হয়।কিন্তু তার পর থেকে বাংলা ভাষা কি এই দীর্ঘ সময়ের মধ্যে নতুন কোনো বাঁক নিয়েছে? অথবা নতুন ঐশ্বর্যে সমৃদ্ধ হয়েছে? এককথায় এর উত্তর হলো, বাংলা ভাষা নতুন পথে যায়নি। কতটা সমৃদ্ধি লাভ করেছে, সেটা অবশ্য আলোচনার বিষয়। বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় আঞ্চলিক ভাষার উপাদান আগের তুলনায় এখন চোখে পড়ার মতো ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। বিশেষ করে নাটক, সিনেমা, বেতার এবং টেলিভিশনে শ্লীল-অশ্লীল, কথ্য-অকথ্য, শুদ্ধ-অশুদ্ধ—সব শব্দই হরিলুটের বাতাসের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর পর থেকে গত ৭২ বছরে এমন কোনো লেখকের আবির্ভাব ঘটেনি, বিদ্যাসাগর অথবা বঙ্কিমচন্দ্রের মতো যিনি বাংলা ভাষাকে নতুন পথে নিয়ে যেতে পারেন। আমাদের মাতৃভাষা নিয়ে আমরা যতই গর্ব করি না কেন, এ কথা বুকে হাত দিয়ে বলতে পারি না যে, আমাদের প্রিয় বাংলা ভাষা ইংরেজি ভাষার মতো প্রকাশক্ষম অথবা শৈলীর দিক দিয়ে অত বৈচিত্র্যবতি। বিদ্যাসাগর অথবা বঙ্কিমচন্দ্রের কথা থাক—উনিশ শতকে, ধরা যাক, অক্ষয় দত্ত অথবা কালীপ্রসন্ন ঘোষের মতো লেখকও যে ধরনের সমাজতাত্ত্বিক গ্রন্থ রচনা করেছেন, এখন অসংখ্য লেখক ছোট ছোট প্রবন্ধ প্রকাশ করলেও, তাঁদের মতো গ্রন্থ রচনা করেন না। অথবা গ্রন্থ রচনা করে সমাজচিন্তা এবং ভাষাশৈলীতে প্রভাব বিস্তার করতে পারেন না। দৃশ্যটা অবশ্য সবটাই হতাশাব্যঞ্জক নয়। গত ৬০ বছরে বাংলা ভাষা সমৃদ্ধির পথেও এগিয়েছে বৈকি! ধরা যাক, ১৯৪০ অথবা ১৯৫০ সালে বাংলা ভাষায় বিজ্ঞান-সম্পর্কিত কটি বই ছিল? অথবা বিজ্ঞান সম্পর্কে লেখার মতো ভাষাও কতটা তৈরি হয়েছিল? কিন্তু এখন সর্বোচ্চ স্তরের বিজ্ঞানের বইও লেখা হচ্ছে বাংলা ভাষায়—তাদের ব্যবহারিক উপযোগিতা যেমনই হোক না কেন। এই একই কথা বলা যায় ইতিহাস, ভূগোল, ভূতত্ত্ব, গণিত, সমাজতত্ত্ব, দর্শন, আইন, অর্থনীতি ইত্যাদি বিষয় সম্পর্কে। এসব বিষয়ে লেখার মতো পরিভাষা এখন তৈরি হয়েছে এবং সেই পরিভাষা ব্যবহার করে বহু গ্রন্থও রচিত হয়েছে।আমাদের সাহিত্যের মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু গত ৫০-৬০ বছরে সাক্ষরতার হার বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নতির ফলে সাহিত্য প্রকাশিত হচ্ছে বিপুল পরিমাণে। এক হাজার ১০০ কপি ছাপার পরিবর্তে হুমায়ূন আহমেদের মতো জনপ্রিয় লেখকের বই এক লাখ কপিও ছাপা হয়। বিক্রিও হয়ে যায়। রবীন্দ্রনাথ অথবা ত্রিশের দশকের মতো না হলেও, মাঝারি মানের কবি-সাহিত্যিক আত্মপ্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে, মুসলমানদের মধ্যে কবি-সাহিত্যিক এবং পাঠক তৈরি হয়েছেন বিপুল সংখ্যায়। এটাকে বাংলা ভাষা এবং সাহিত্যের এক বিরাট ইতিবাচক পরিবর্তন বলে বিবেচনা করতে হবে। কেবল বই নয়, অসংখ্য পত্রপত্রিকাও এই উন্নতির আভাস দেয়। প্রাত্যহিক জীবনে বাংলা ভাষার প্রয়োগও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এবং তা থেকেও পরিষ্কার বোঝা যায় যে, বাংলা ভাষা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। এই প্রায়োগিক সাফল্য লক্ষ করা যায় প্রধানত দুই দিকে—শিক্ষাক্ষেত্রে এবং সরকারি কাজকর্মে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার মাধ্যম বাংলা। শিক্ষকেরা লেকচার দেন সাধারণত বাংলায়। পরীক্ষার ভাষা বাংলা ও ইংরেজি—উভয়ই। অপর পক্ষে, বাংলাদেশের সরকারি কাজকর্ম যাতে বাংলা ভাষায় পরিচালিত হয়, সে চেষ্টা শুরু হয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই। বিশেষ করে, ১৯৮০-এর দশকে রীতিমতো আইন প্রণয়ন করার মাধ্যমে বাংলা ভাষা প্রবর্তনের চেষ্টা করা হয়। একটা স্বাধীন দেশের সরকারি কাজকর্ম চলবে বাংলা ভাষা দিয়ে—৬০ বছর আগেও তা ছিল কেবল স্বপ্ন। কিন্তু বাংলাদেশে গত সিকি শতাব্দী ধরে বিভিন্ন পর্যায়ে সরকারি কাজকর্ম চলছে বাংলা ভাষার মাধ্যমেই। এমনকি, আদালতের কাজও চলছে বাংলা ভাষায়। এটাকে বাংলা ভাষা ব্যবহারের দিক দিয়ে একটা বিশেষ সাফল্য বলে বিবেচনা করতে হবে। বাংলা ভাষার প্রতীকী উন্নতিও লক্ষ করা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে। এ প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে ভাষণ দেন বাংলা ভাষায়। রবীন্দ্রনাথ যেমন নোবেল পুরস্কার লাভের মাধ্যমে বিশ্বের দরবারে বাংলা সাহিত্যের পতাকা উত্তোলন করেছিলেন, জাতিসংঘে শেখ মুজিবের ভাষণ দানও অনুরূপ বাংলা ভাষাকে বিশ্বের দরবারে হাজির করার প্রতীকী ঘটনা। তা ছাড়া, বর্তমানে কথাবার্তা হচ্ছে বাংলাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে প্রচলন করা যায় কি না, তা নিয়ে। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণাও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষার একটি পরোক্ষ স্বীকৃতি। বাঙালিদের অনেকে একে ভুল করে বাংলা ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি বলে মনে করেন। তা ঠিক না হলেও, নিজ নিজ মাতৃভাষাকে একুশে ফেব্রুয়ারি তারিখে স্মরণ করার আনুষ্ঠানিক আহ্বান আমাদের নিশ্চয়ই গর্বিত করে। বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশ তৈরি হওয়ার ফলেই বাংলা ভাষা এই স্বীকৃতি লাভ করেছে। নয়তো ভারতের একটি প্রাদেশিক ভাষা হিসেবে বাংলা ভাষা এ স্বীকৃতি কখনোই লাভ করতে পারত না। অবশ্য এই আনুষ্ঠানিক স্বীকৃতি সত্ত্বেও বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে কতটা মর্যাদা লাভ করেছে, সে বিষয়ে সন্দেহ আছে। একটা ছোট দৃষ্টান্ত দিলে আমার কথাটা বোঝা সহজ হতে পারে। একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইউনেসকো প্রতিবছর এই দিন উপলক্ষে একটা করে পোস্টার প্রকাশ করে। নানা রকম নকশা থাকে সেই পোস্টারে। নানা ভাষার কথা এবং নানা ভাষার হরফও থাকে তাতে। কিন্তু আজ পর্যন্ত তাতে একটি বাংলা হরফও মুদ্রিত হয়নি। হিন্দির হয়েছে, আরবির হয়েছে। আসলে কোনো সরকারি স্বীকৃতির মাধ্যমে ভাষার গুরুত্ব বাড়ানো যায় না। তার গুরুত্ব একটা মাত্র বিষয়ের ওপর নির্ভরও করে না। নির্ভর করে কত লোক সে ভাষায় কথা বলে, সে ভাষা পৃথিবীর কত বড় এলাকাজুড়ে ব্যবহূত হয়, অন্য ভাষাভাষীদের মধ্যে কত লোক সে ভাষা শেখে ইত্যাদি নানা বিষয়ের ওপর। সে ভাষার সাহিত্য কত ঐশ্বর্যবর্তী, তা-ও বিবেচনার একটি বিষয়। এসব দিক দিয়ে বিবেচনা করে বাংলা ভাষার একটা মোটামুটি অবস্থান নির্ণয় করা যেতে পারে। মুশকিল হলো: ভাষার গুরুত্ব নির্ণয়ে ভাষাভাষীর সংখ্যাটা এত জরুরি হলেও কোন ভাষায় কত লোক কথা বলে, তার নির্ভুল কোনো পরিসংখ্যান পাওয়া খুবই কঠিন, বলতে গেলে অসম্ভব। একটা দেশের লোকসংখ্যা কত, এ ক্ষেত্রে সেটাই প্রধানত বিভ্রান্তির সৃষ্টি করে। দৃষ্টান্ত হিসেবে আমরা হিন্দির কথা বিশেষ করে উল্লেখ করতে পারি। উত্তর ভারতের তাবত্ লোক হিন্দি ভাষায় কথা বলে না। তারা কথা বলে বিভিন্ন প্রাদেশিক ভাষায়। হিন্দির সঙ্গে এসব ভাষার শব্দগত পার্থক্য সামান্যই। পার্থক্য কমবেশি আছে উচ্চারণ এবং সর্বনাম ও ক্রিয়া বিভক্তির ক্ষেত্রে। সুতরাং হিন্দিভাষীর সংখ্যা নির্দিষ্ট করে কখনোই বলা যাবে না। বাংলা ভাষা কত লোকের মাতৃভাষা, তা নির্ণয়ের ক্ষেত্রেও এই একই সমস্যা। এমনকি, সমস্যাটা আরও জটিল, বাংলা ভাষা দুটি দেশের ভাষা হওয়ায়। এই সমস্যা থাকা সত্ত্বেও বাংলাভাষীদের সংখ্যা নির্ণয়ের একটা চেষ্টা করা যাক। ধরা যাক, বাংলাদেশের লোকসংখ্যা ১৬ কোটি। কিন্তু বাংলাদেশের সমস্ত লোক কি বাংলায় কথা বলে? বলে না, তা সত্ত্বেও প্রায় সবাই ধরে নেয় যে বাংলাদেশের লোকেরা সবাই বাংলাভাষী। ভুলের সূচনা এখান থেকে। পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, মণিপুর, বিহার ইত্যাদি অঞ্চলে বাংলা ঠিক কত লোকের মাতৃভাষা, এসব রাজ্যের লোকসংখ্যা জানা থাকলেও, তা সঠিক করে বলা শক্ত। কারণ, আদমশুমারিতে মাতৃভাষা কী, সে প্রশ্ন থাকে না। বরং থাকে আপনি কী কী ভাষা জানেন, সেই প্রশ্ন। এবং সে প্রশ্নের উত্তরে অনেকে কৃতিত্ব নেওয়ার জন্য বেশি ভাষা জানার দাবি করেন। এমনকি, ধর্মীয় ভাষার কথাও তাঁরা উল্লেখ করেন —যে ভাষা তাঁরা পড়তে পারেন, কিন্তু যার অর্থ তাঁরা জানেন না, অথবা যা লিখতেও পারেন না। এসব কারণে বাংলা ভাষা ঠিক কত লোকের মাতৃভাষা, তা ঠিক করে বলা অসম্ভব। ফলে, বাংলা বেশি লোকের ভাষা, না হিন্দি বেশি লোকের, সে প্রশ্নের মীমাংসা করা—অন্তত এখন—অসম্ভব।কিন্তু অসম্ভব হলেও, বাংলা ভাষার গুরুত্ব বিবেচনায় সেটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। নানা রকমের পরিসংখ্যান আছে পৃথিবীর বড় বড় ভাষা সম্পর্কে। এসব পরিসংখ্যানের একটা সঙ্গে অন্যটার সংখ্যা মেলে না। কোনো পরিসংখ্যান অনুসারে ম্যান্ডারিন (চীনা), ইংরেজি, স্প্যানিশ, আরবি ও হিন্দির পরে বাংলার স্থান ছয় নম্বরে। আবার কোনো পরিসংখ্যান অনুযায়ী বাংলার স্থান সাত নম্বরে। বাঙালিরা নিজেরা অবশ্য গর্ব করে দাবি করেন পাঁচ নম্বরে। কিন্তু পাঁচ, ছয় অথবা সাত—বাংলার সত্যিকার স্থান যা-ই হোক, সেটা নিক্তিতে মেপে না বলতে পারলেও কোনো ক্ষতি নেই। আমরা অবশ্যই বলতে পারি, বাংলা বিশ্বের সবচেয়ে বড় ভাষাগুলোর মধ্যে একটা। এবং সেটা নিয়ে আমরা অবশ্যই গর্ব করতে পারি। তবে সেই সঙ্গে মনে রাখা উচিত যে জন্মসূত্রে ভাষাভাষীদের সংখ্যা কত, সেটা ঘটে দৈবক্রমে। তার মধ্যে অর্জনের কোনো কৃতিত্ব নেই। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো: বাংলা যাঁদের মাতৃভাষা নয়, তেমন লোকেদের মধ্যে কজন দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা শেখেন অথবা বাংলা জানেন। প্রতিতুলনা হিসেবে আমরা ইংরেজির কথা বলতে পারি। যেসব দেশের অধিকাংশ লোক ইংরেজিকে মাতৃভাষা হিসেবে গণ্য করেন, সেগুলোর মধ্যে আছে ব্রিটেন, আয়ারল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ক্যারিবীয় দেশগুলো। কিন্তু এসব দেশের মোট জনসংখ্যা যা, তার থেকে ঢের বেশি লোকের দ্বিতীয় ভাষা হলো ইংরেজি। পরিসংখ্যান অনুযায়ী ইংরেজি ভাষা ৪০ থেকে ৫০ কোটি লোকের মাতৃভাষা। অথচ ইংরেজি জানা লোকের সংখ্যা প্রায় ১০০ কোটি। বস্তুত, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এ ভাষা শেখানো হয় না, অথবা ইংরেজি-শিক্ষিত বড় সম্প্রদায় নেই। আরবির সঙ্গে এর খানিকটা তুলনা চলে। পুব দিকে আরব আমিরাত থেকে আরম্ভ করে পশ্চিমে মরক্কো পর্যন্ত বহু দেশেরই প্রধান ভাষা হলো আরবি, যদিও সে আরবি হুবহু এক রকমের নয়। এ ছাড়া, জীবন্ত ভাষা হিসেবে তেমন বেশি লোক না শিখলেও, ধর্মীয় ভাষা হিসেবে কোটি কোটি লোক আরবি অন্তত পড়তে শেখেন। ইংরেজি আর আরবির মতো স্প্যানিশ ভাষাও প্রচলিত আছে মূল স্পেন ছাড়া ম্যাক্সিকো থেকে আরম্ভ করে আমেরিকার দক্ষিণ প্রান্ত পর্যন্ত সব দেশে। একদিকে, বিস্তীর্ণ এলাকার ভাষা হিসেবে এসব ভাষার গৌরব, অন্যদিকে গৌরব দ্বিতীয় ভাষা হিসেবে বহু লোক এসব ভাষা শেখেন বলে। অপর পক্ষে, বাংলা হলো ঘনবসতিপূর্ণ একটি ছোট্ট এলাকার ভাষা। এবং দ্বিতীয় ভাষা হিসেবে এর জনপ্রিয়তাও অত্যন্ত সীমিত।দ্বিতীয় ভাষা হিসেবে মানুষ কোনো ভাষা শেখে সাধারণত তার উপযোগিতা অর্থাত্ লাভালাভের বিচার করে। যেমন, চীনে এখন বিরাট আন্তর্জাতিক বাজার সৃষ্টি হয়েছে। ফলে ছয় হাজার অক্ষরের বাধা অতিক্রম করেও জটিল চীনা ভাষা শিখছেন পৃথিবীর বহু দেশের বহু মানুষ। জাপানি বা কোরিয়ান ভাষা সম্পর্কেও একই কথা বলা চলে। এমনকি, পেট্রোলিয়ামের কারণে আরবির মতো ভাষাও শেখানো হচ্ছে নানা দেশে। দুর্ভাগ্যক্রমে ব্যবসা-বাণিজ্যে বাংলাভাষী এলাকার কোনো গৌরব নেই। কালো সোনা পেট্রোলিয়ামও নেই এই এলাকায়। সুতরাং যাঁরা দৈবক্রমে জন্মগ্রহণ করেন বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা ইত্যাদি অঞ্চলে, বাংলা কেবল তাঁদেরই ভাষা। বাংলার গৌরবে আকৃষ্ট হয়ে তেমন কেউ বাংলা শিখছেন না—এমনকি বাংলা ভাষা সমগ্র উপমহাদেশের সর্বোত্তম সাহিত্যের বাহন হলেও। এককথায় বিস্তার এবং সংখ্যা—উভয় দিক দিয়েই বাংলার সীমাবদ্ধতা গত এক শতাব্দীতেও আমরা কাটাতে পারিনি। এমনকি, কাটানোর সম্ভাবনাও ক্ষীণ। [email protected]