বাংলা শেখা-জানার দৃপ্ত অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাগলা গারদ’ হলে ‘পাগলি গারদ’ কেন নয়? কারাগারের প্রতিশব্দ শ্রীঘর কেন?ঘুমচোখে নিবন্ধন করলেও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল বাংলা ভাষা শেখা ও জানার দৃপ্ত অঙ্গীকার। তাদের কাছে বাংলা ভাষা শেখার মানে হচ্ছে, বিশ্বের দরবারে মাতৃভাষা বাংলাকে একটি পর্যায়ে উন্নীত করা।‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে হবে না, বাংলাকে নিয়ে যেতে হবে আন্তর্জাতিক পর্যায়ে’—এ স্বপ্নযাত্রায় গতকাল শুক্রবার সকালে নগরের ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে হাজির হয়েছিল এক ঝাঁক খুদে-তরুণ শিক্ষার্থী।এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ (ঢাকা-২ আঞ্চলিক) উৎসবে অংশ নিতে নিবন্ধন করে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এক হাজার ২০০ শিক্ষার্থী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্ণিল পোশাকে সজ্জিত খুদে ভাষাবিদদের কলকাকলি মিলে গিয়েছিল চৈত্রের খরতাপ আর কোকিলের কুহুতানে।সকাল নয়টায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কর্নেল মোসলেহউদ্দিন ভূঁইয়া জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ভাষা প্রতিযোগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘ভাষাকে ভালোবাসো, আর বাংলা ভাষাকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শেখো।’এরপর ৪০ মিনিটের ভাষা পরীক্ষা শেষে ওই সব শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে মজার প্রশ্নোত্তর পর্ব চলে দুপুর পর্যন্ত। প্রশ্নোত্তর পর্বে সেরা প্রশ্নের জন্য ২০ জন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়।প্রতিযোগিতায় প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সেরাদের পুরস্কার হিসেবে দেওয়া হয় পদক, বই, টি-শার্ট ও সনদ। ১০টি আঞ্চলিক প্রতিযোগের সেরাদের নিয়ে ১৯ এপ্রিল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগের চূড়ান্ত অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠান: সকালে পরীক্ষা শেষে ভাষা প্রতিযোগ অনুষ্ঠানে নতুন মাত্রা নিয়ে আসেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। আকর্ষণীয় নাচ ও অভিনয় দিয়ে মাতিয়ে রাখেন তাঁরা।প্রশ্নোত্তর পর্ব: প্রতিযোগের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল খুদে ভাষাবিদদের প্রশ্ন। তাদের প্রশ্নবাণে জর্জরিত হন বাংলা ভাষা বিশেষজ্ঞ ও জাঁদরেল শিক্ষকেরা। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর, ভাষাবিজ্ঞানের শিক্ষক গুলশান সিকদার, বাংলা বিভাগের শিক্ষক তারিক মনজুর, তাশরিক-ই-হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রাহেল রাজীব, সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক বিনয় বর্মণ ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু শিক্ষার্থীদের মজার সব গল্প বলে মাতিয়ে রাখেন।মেলা: উৎসবস্থলে প্রথমা প্রকাশনের প্রকাশিত বিভিন্ন বই নিয়ে একটি বিক্রয়কেন্দ্র খোলা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। তাঁর অটোগ্রাফ নিতে ছুটে আসে শিক্ষার্থীরা।পুরস্কার: প্রাথমিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে ভিকারুননিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণীর রুমাইশা ইউনুস। নিম্নমাধ্যমিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে ঢাকা রেসিডেনসিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর রেদওয়ান উদ্দিন। মাধ্যমিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে এসওএস হারমান মেইনার কলেজের নবম শ্রেণীর মো. হাসিবুল ইসলাম। উচ্চমাধ্যমিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর গৌরব মজুমদার বিক্রম। এই চারজনের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে রেদওয়ান উদ্দিন।