বাংলা সাহিত্য তারুণ্য ফিরে পায় নজরুলের রচনায়: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও সংস্কৃতির কর্ণধার । তাঁর আবির্ভাব বাংলা সাহিত্যের দেহে ও প্রাণে সঞ্চার করেছে তারুণ্যের বিপুল ঐশ্বর্য। তাঁর লেখনী থেকে বেরিয়ে এসেছে মানবিক মূল্যবোধ, সমাজ পরিবর্তনের দর্শন, অন্যায়ের প্রতিবাদ ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের চেতনা। তাঁর সৃষ্টি আমাদের জাতির অঙ্গ।’রাষ্ট্রপতি আজ বুধবার জাতীয় কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুরে নজরুল মঞ্চে কবির ১১২তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে এ সব কথা বলেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি আরও বলেন, সমাজের বিরাজমান অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কবি নজরুল বিদ্রোহী হয়ে ওঠেন। পরাধীন দেশে সাধারণ মানুষকে তিনি দারিদ্র্য ও পরাধীনতা থেকে মুক্তির গান শুনিয়েছেন।রাষ্ট্রপতি দুপুর ১২টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, স্থানীয় সাংসদ রেজা আলী প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া কবি নজরুল ইসলামকে নিয়ে স্মারক বক্তব্য দেন কবি নুরুল হুদা। কাজী নজরুলের দুই নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।