শুরুতেই ঋণ স্বীকার করে নিই। হোয়াইটওয়াশকে ‘বাংলাওয়াশ’ বানানোর রূপকার আতহার আলী খান। যত দূর মনে পড়ে, গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে কথাটা ধারাভাষ্যে প্রথম ব্যবহার করেছিলেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার। তবে সেবার গভীর রাতে বলা কথাটা খুব বেশি মানুষের কর্ণগোচর হয়নি। এবার নিউজিল্যান্ডকে ধবলধোলাইয়ের পর প্রথম আলোর ব্যানার শিরোনামের কল্যাণে যা তুমুল আলোচিত। বলা যায়, ‘বাংলাওয়াশ’ কথাটা বাংলাদেশের ক্রিকেট অভিধানেই ঢুকে গেল।হোয়াইটওয়াশই বলুন বা বাংলাওয়াশ—সেটি নিশ্চিত হওয়ার পর আমার দুচোখ জলে ভিজে এল। আনন্দাশ্রু? বলতে পারেন, তবে এই অশ্রুতে সর্বজনীন আনন্দের সঙ্গে একটু ব্যক্তিগত দুঃখও মিশে ছিল।দুঃখ! দুঃখ কেন? দুঃখ এই ইতিহাসের প্রত্যক্ষদর্শী হতে না পারায়। হ্যাঁ, টেলিভিশনে পুরো খেলাই দেখেছি। টিভির পর্দায় সরাসরি খেলা দেখাও তো একরকম প্রত্যক্ষদর্শী হওয়াই। তবে যার প্রেসবক্সে বসে খেলা দেখার অভ্যাস, তার কাছে এটি দুধের স্বাদ খুবই নিম্নমানের ঘোলে মেটানোর মতো।আমার দুঃখটা আরও বেশি, কারণ বাংলাদেশকে সবচেয়ে বেশিবার হোয়াইটওয়াশ হতে দেখার ‘রেকর্ড’টার বড় দাবিদার আমি। ১৯৯৯ বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে হারানোর পর ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়—মাঝখানে টানা ৪৭টি ওয়ানডেতে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এই দীর্ঘ জয়খরার সহযাত্রী হয়ে ৪০টির মতো ম্যাচ তো কাভার করেছিই। সিরিজের পর সিরিজ বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। শেষদিকে ‘বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে’ কথাটাও সেভাবে লেখায় উল্লেখ করতাম না। এ আর বলার কী, সিরিজ শুরুর আগেই তো সবাই তা জানত! এবার বলুন, আমার দুঃখ হবে না তো কার হবে! যে আমি বলতে গেলে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বাংলাদেশের হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাকে নানা আবরণে ঢেকে, নিকষ অন্ধকারে আলোর রেখা খুঁজে বের করার কঠিন কাজটা করে গেলাম, বড় কোনো দলকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার দিনটিতে সেই আমিই প্রেসবক্সে অনুপস্থিত। ইতিহাসের প্রত্যক্ষদর্শী হতে না পারার দুঃখ, এমন একটা দিনে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে থাকতে না পারার দুঃখ, এই সাফল্যের গল্প পাঠকের সঙ্গে ভাগাভাগি করে নিতে না পারার দুঃখ...। বাংলাদেশের ক্রিকেটে অভূতপূর্ব আনন্দ-গর্বে মাখামাখি দিনটিতে আমি উল্টো মন খারাপ করে সরিষাবাড়ীতে আমার বাড়ির পাশের সেতুটির ওপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ঝিনাই নদীতে তখন সন্ধ্যা নামছে। দুঃখটা আরও বেশি হচ্ছিল, কারণ তৃতীয় ম্যাচের আগের দিন বাড়ি যাওয়ার উদ্দেশে ট্রেনে উঠেও যাব কি যাব না দোলাচলে দুলেছি। বাড়িতে মা একা থাকেন, পরিবার-পরিজনসহ তিন ভাই-বোন একসঙ্গে পূজায় যাব বলে অনেক আগেই ঠিক হয়ে আছে। শেষপর্যন্ত পেশাগত দায়ের চেয়ে মাকে খুশি করাটাকেই বড় কর্তব্য বলে মানলাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ায় বড় প্রভাবক আরেকটি কারণের কথাও বলেই ফেলি। শেষ দুই ম্যাচে বাংলাদেশ জিতবে— আমার সুদূরতম কল্পনাও এর নাগাল পায়নি। যে বাংলাদেশ এর আগে টানা দুই ম্যাচে কোনো বড় দলকে হারায়নি, তারা টানা চার ম্যাচ জিতে যাবে। ফাজলামি আর কি!কখনো কখনো ভুল প্রমাণিত হওয়াটাও যে কত আনন্দের, সেই উপলব্ধিতে রাঙিয়ে বাংলাদেশ তৃতীয় ম্যাচটাও জিতল। মনের দুঃখ মনে রেখে আনন্দস্রোতে গা ভাসানোর প্রাণান্ত চেষ্টা করতে করতে লিখে পাঠালাম—কোথায় রাখি এই আনন্দ! আনন্দ-উচ্ছ্বাসে মাখা ওই লেখাটা লেখার সময় এমন একটা দিনে প্রেসবক্সে থাকতে না পারার দুঃখে আমার মনে কী ঝড় বয়ে যাচ্ছে, পাঠকের সাধ্য কী তা অনুমান করে!তারপর এল হোয়াইটওয়াশের সেই অবিস্মরণীয় দিন। কী আনন্দ! কী আনন্দ! কিন্তু আনন্দধারার মধ্যেই দুঃখের ওই চোরাস্রোত এমন প্রবল বেগে বইতে লাগল যে অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারলাম না। ল্যাপটপ খুলে বসে আছি, একটা লাইনও মাথায় আসছে না। শেষমেশ ক্ষান্ত দিলাম। থাক্, বাংলাদেশের ক্রিকেটের প্রায় সব দুঃখের দিনেই আমি মাঠে ছিলাম। আনন্দের দিনে দূরে আছি। দূরেই থাকি।সেতুর ওপর দাঁড়িয়ে মন্দমন্থরে সন্ধ্যা নামতে দেখছি, আর মনে পড়ছে ১১ বছর আগের চেমসফোর্ড। ১৯৯৯ বিশ্বকাপ, পরদিন বাংলাদেশের বিশ্বকাপ অভিষেক। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেই ম্যাচের প্রিভিউয়ে ‘টাইগার্স ভার্সাস কিউইস’ লাইনে কী একটা লিখেছিলাম না! ঢাকায় ফিরে প্রথম আলোর পুরোনো ফাইল থেকে লেখাটা খুঁজে বের করলাম। পড়তে খুব মজা লাগল। আপনিও একটু পড়ে নেবেন না কি!এ এক অন্য রকম যুদ্ধ—কিউইস ভার্সাস টাইগার্স।স্কাই টিভির নিয়মিত অনুষ্ঠান ‘ওয়ার্ল্ড কাপ সেন্টার’-এর উপস্থাপক মাইক ওয়েডারবার্ন কথাটি বলে একটু হাসলেন। হয়তো যুদ্ধটা কত অসম, সেটি ভেবেই।কিউই পাখি উড়তে পারে না, টাইগারের তো তাতে ভালোই সুবিধে হওয়ার কথা। সমস্যা হলো, বাংলাদেশ টাইগার্স নামে পরিচিত হচ্ছে বটে, কিন্তু বাঘ হলেও তারা এখনো নেহাতই ‘শিশু বাঘ’।এতটাই শিশু যে কিউই পাখির সঙ্গে লড়াইয়েও তারা আন্ডারডগ।এটা লেখার শুরু। শেষটা ছিল এ রকম—.....আপসেট, আপসেট! এই যে শব্দটি উড়ে বেড়াচ্ছে আজ বাংলাদেশের বাতাসে, তা তো হতে যাচ্ছেই। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে তা তো আপসেটই। উল্টোটা হলেও কি নয়?কিউই পাখির কাছে রয়েল বেঙ্গল টাইগারের পরাজয়কে আপসেট বলবেন না আপনি?কিউই পাখির বিরুদ্ধে রয়েল বেঙ্গল টাইগারের যুদ্ধটা যেমন হওয়া উচিত, এবারের সিরিজটা ঠিক তা-ই হলো। কিন্তু তাতে কি বাংলাদেশ ক্রিকেট দল সত্যি সত্যি বাঘ হয়ে গেল? বরং বাংলাদেশ বড় কোনো জয় পেলেই যে শঙ্কাটা মনে ছায়া ফেলে, সেটি এবারও ফেলছে। এই সাফল্য বাংলাদেশের ক্রিকেটের অন্তহীন সমস্যাগুলোকে আরও আড়াল করে দেবে না তো!‘বাংলাওয়াশ’-এর পর থেকে একটা গল্প খুব মনে পড়ছে। তরুণ ক্রিকেটারকে প্রথম দেখছেন কোচ। দেখে মহা বিরক্ত—কী ব্যাট করবে, তোমার তো গ্রিপই ঠিক নেই!তরুণ একটুও না ঘাবড়িয়ে বলল, ‘স্যার, এটা ডন ব্র্যাডম্যানের গ্রিপ, উনি এভাবেই ব্যাট ধরতেন।’কোচ নির্বিকার মুখে বললেন, ‘তা হলে একবার চিন্তা করে দেখো, গ্রিপটা ঠিক থাকলে ব্র্যাডম্যান আরও কত বেশি রান করতেন।’ওই কোচের মতো করেই বলি। দায়সারা ঘরোয়া ক্রিকেট, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, দুর্বল অবকাঠামো—এমন হাজারো সমস্যা নিয়েও বাংলাদেশ মাঝেমধ্যেই এমন চমকে দেয়। একবার ভাবুন, সবকিছু ঠিক থাকলে কী হতো!