বাংলাওয়াশের স্মৃতি নিয়ে কিউইদের সামনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি দিনই নতুন দিন। অতীত সেখানে ছায়া ফেলে, তবে বর্তমানের গতিপথ ঠিক করে দেওয়ায় সেটি শুধুই দর্শকের ভূমিকায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দুই বছর আগের ওই রূপকথার গল্পের স্মৃতিচারণার যেমন কোনো অর্থ হয় না।তার পরও গত দুই দিনে সেটি ঘুরেফিরে এল। সবচেয়ে বড় কারণ, এই দুই দলের সর্বশেষ দেখা যে সেটিই। বাংলাদেশের এই দলে সেই সুখস্মৃতির ধারক আছেন আটজন। হোক সেটি ৫০ ওভারের খেলা, আর এটি ২০ ওভারের। আবার সামনে নিউজিল্যান্ডকে পেয়ে তাঁদের মনে কি ফিরে আসছে না ‘বাংলাওয়াশ’-এর সেই স্মৃতি?ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই বাংলাওয়াশের মহানায়ক প্রশ্নটা শুনে শুধু হাসলেন। টি-টোয়েন্টির এই মহাযজ্ঞে সুযোগ আছে বাংলাদেশের? সাকিব আল হাসানের জবাবটা হলো দার্শনিকতার চূড়ান্ত, ‘ভালো খেললে সুযোগ আছে। খারাপ খেললে সুযোগ নেই।’অধিনায়ক মুশফিকুর রহিম সুযোগ দেখছেন। তবে শর্ত একটাই, মৌলিক জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। ‘বেসিকটা ঠিকঠাকমতো করতে পারলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটাই আমাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে।’ওয়ানডে আর টি-টোয়েন্টি এক নয়। তবে সেই সীমারেখা ঘুচিয়ে দিয়ে মুশফিকুর দাবি করছেন, বাংলাদেশের এই দলটি ২০১০ সালের অক্টোবরে ইতিহাস গড়া দলের চেয়েও ভালো। কারণ, ‘এই দলে আরও বেশি ম্যাচ উইনার আছে।’প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই দুই বছর পেছনে যাওয়া। নইলে বাংলাদেশ দলের জন্য অনুপ্রেরণার বিশাল ভান্ডার নিয়ে তো বসে আছে সর্বশেষ টুর্নামেন্টটাই। এশিয়া কাপে বাংলাদেশ অল্পের জন্য ট্রফিটা জিততে পারেনি, কিন্তু জিতেছে মানুষের হূদয়। আরেকটি টুর্নামেন্টে খেলতে নামার আগে মুশফিকের সেই উথালপাথাল সময়টাও মনে পড়ছে, ‘দেশের ১৬ কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তাদের কিছু দেওয়ার চেষ্টা করব।’চেষ্টা তো করবেনই, তবে বাস্তবতার পৃথিবী কখনো কখনো বড় রুক্ষ। আজ নিউজিল্যান্ড কিন্তু সেটির সঙ্গে বাংলাদেশকে ভালোমতোই পরিচয় করিয়ে দিতে পারে। যেমন দিয়েছিল ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি। দুই দলের টি-টোয়েন্টি দ্বৈরথ ওই একটাই। হ্যামিল্টনের ওই ম্যাচটির একটি বাড়তি তাৎপর্য ছিল। এর কিছুদিন আগে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া সিডরে দুর্গত মানুষদের জন্য অর্থ সংগ্রহের একটা ব্যাপার ছিল ওখানে। সবুজ উইকেটে বাংলাদেশ দলের অভিজ্ঞতাও সিডরতুল্যই হয়েছিল। মাত্র ৭৮ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হার!তখন বাংলাদেশ টি-টোয়েন্টিতে একেবারেই নবীন। তবে প্রায় আড়াই বছর পরও টি-টোয়েন্টির অভিজ্ঞতা ও খেলোয়াড়দের সামর্থ্যে দুই দলের মধ্যে কোনো তুলনাই চলে না। তার ওপর পাল্লেকেলের পেসবান্ধব উইকেট উপমহাদেশে খেলার সুবিধাটাও বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিচ্ছে। সেটি থাকলেও যে বাংলাদেশ এই ম্যাচে ফেবারিট হয়ে যেত, এমন নয়। এই কদিন আগেই কি নিউজিল্যান্ড ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে আসেনি!মাশরাফি বিন মুর্তজার ক্রিকেটীয় বিশ্লেষণ খুব ক্ষুরধার। দুই দলের মধ্যে বড় পার্থক্যটাও ঠিক ধরতে পেরেছেন, ‘ওদের দলে ম্যাচ উইনারের সংখ্যা অনেক বেশি।’ ব্যাটিংয়ে আলাদা করে চারজনের নামও বললেন—ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, রস টেলর ও জ্যাকব ওরাম। তবে সঙ্গে সঙ্গেই যোগ করলেন, ‘ক্রিকেট খেলাটা তো আর এই হিসাব করে হয় না।’তা হয় না। হয় না বলেই আজ বাংলাদেশ যেমন খুব বাজেভাবে হারতে পারে, আবার জিতেও যেতে পারে। তবে মাশরাফি যে চারজনের নাম বললেন, তাঁদের যে কেউ দানবীয় ব্যাটিংয়ে একাই গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য। চারজনেরই বলার মতো স্ট্রাইক রেট—ওরামের ১৪৩.১৮, ম্যাককালামের ১৩২.৭৫, গাপটিলের ১২৪.৮৮, টেলরের ১১৭.১৯। এই তথ্যটাও তাৎপর্যপূর্ণ যে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের প্রথম পাঁচে শুধু নিউজিল্যান্ডেরই দুজন আছেন। এক নম্বরে ম্যাককালাম, পাঁচে গাপটিল। ম্যাককালাম তো হয়ে উঠেছেন টি-টোয়েন্টির টেন্ডুলকার। সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি ফিফটি, সবচেয়ে বেশি চার, সবচেয়ে বেশি ছয়—সব রেকর্ডই তাঁর। ছক্কা মারার নেশাটা অবশ্য কিউইদের সবারই প্রায় একই রকম। টি-টোয়েন্টির ইতিহাসে নিউজিল্যান্ডের চেয়ে বেশি ছক্কা মেরেছে শুধু অস্ট্রেলিয়াই।পাহাড়কে পশ্চাৎপটে রেখে ছবির মতো সাজানো পাল্লেকেলে স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতায় নামার মতো। সেটি যে আজ কী নিয়ে অপেক্ষা করছে, কে জানে!