বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমীর রবীন্দ্র চত্বরে মহান একুশে গ্রন্থমেলা ২০১০-এর উদ্বোধনকালে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের সহযোগিতা এবং বিগত আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। এ প্রসঙ্গে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর বাংলায় ভাষণ দেওয়ার কথাও উল্লেখ করেন।প্রধানমন্ত্রী তাঁর দীর্ঘ ভাষণে দেশের প্রকাশকদের প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখকদের বই প্রকাশ করে তাঁদের উত্সাহিত করারও আহ্বান জানিয়েছেন। তিনি একুশের গ্রন্থমেলাকে লেখক, প্রকাশকের মিলনমেলা হিসেবে আখ্যায়িত করে বলেন, বই প্রকাশের পাশাপাশি এখানে আপনাদের মধ্যে আত্মিক সম্পর্ক ও সৌহার্দ্য গড়ে ওঠে। একটি ভালো মানের বই প্রকাশে লেখক ও প্রকাশকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, লেখককে উত্সাহিত না করলে যেমন একটি ভালো মানের বই পাওয়া যায় না, তেমনি প্রকাশকও বই প্রকাশ করে আর্থিকভাবে লাভবান না হলে নতুন বই প্রকাশে আগ্রহ হারিয়ে ফেলেন।বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের স্বত্বাধিকারী মহিউদ্দিন আহমেদ এবং বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।প্রধানমন্ত্রী ভাষা আন্দোলনের দীর্ঘ প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে রফিক, জব্বার, বরকত, সালামসহ অনেক নাম না জানা ছাত্র-জনতা শহীদ হয়েছেন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট বিজয়ী হয়ে সরকার গঠন করলে আওয়ামী লীগের সদস্যরা শাসনতন্ত্রে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংসদে সংগ্রাম শুরু করেন। এরই ফলে ১৯৫৬ সালের শাসনতন্ত্রে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।শেখ হাসিনা বলেন, ১৯৫৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয় এবং ওই দিনকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়। নির্মাণ করা হয় শহীদ মিনার। তখন থেকেই একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, গবেষক, লেখক, সাংবাদিক, প্রকাশকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিভিন্ন সংখ্যালঘু জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণে তাঁর সদিচ্ছা পুনর্ব্যক্ত করে বলেন, এ কথা মনে রেখেই সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ শুরু করা হয়। কিন্তু জাতির দুর্ভাগ্য, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এ ইনস্টিটিউটের নির্মাণকাজ বন্ধ করে দেয়। বর্তমান সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণকাজ নতুন করে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা বলেন, আমাদের বিশ্ব স্বীকৃতির সূত্রপাত হয়েছিল রাষ্ট্রভাষা আন্দোলন থেকেই। বঙ্গবন্ধু এর সূচনা করেছিলেন। তিনি ১৯৭৪ সালে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ বাংলায় দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী গ্রন্থমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের গ্রন্থমেলায় ৩৫৬টি প্রকাশনা সংস্থার ৫০৫টি স্টল রয়েছে। গত ২০০৯ সালের গ্রন্থমেলায় ২৯৭টি প্রকাশনা সংস্থার ৪৬০টি স্টল ছিল।