বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। আমি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দিতে আমাদের আবেদনের প্রতি সবার সমর্থন কামনা করছি।’ভাষণে শেখ হাসিনা বলেন, ‘সময়ের পরিক্রমায় জাতিসংঘের ভূমিকায় পরিবর্তন এসেছে। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষাই এখন জাতিসংঘের প্রধান কাজ নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তরাষ্ট্র জাতিগত সংঘাত নিরসন, সন্ত্রাসবাদ দমন, আন্তসীমানা অপরাধ দমন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, পানি ও জ্বালানি নিরাপত্তা তৈরি এবং ধনী ও গরিবের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য বিলোপ।‘এসব বিষয়ে জাতিসংঘের সাফল্যে আমাদের এ বিশ্বাসই জন্মেছে যে একবিংশ শতাব্দীতে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সবার সম্মিলিত ইচ্ছাকে আরও জোরদার করার মতো সক্ষমতা সর্বজনীনভাবে স্বীকৃত ও বৈধ একমাত্র আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘেরই রয়েছে।‘এ জন্য বাংলাদেশ জাতিসংঘের মধ্যস্থতা-সম্পর্কিত সনদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বান কি মুনের “মধ্যস্থতা এবং সহায়ক কার্যক্রম বৃদ্ধি” শীর্ষক প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করছে। পাশাপাশি আমরা সাধারণ অধিবেশনের ‘‘বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে মধ্যস্থতার ভূমিকাকে শক্তিশালীকরণ’’ শীর্ষক সিদ্ধান্তের সহ-উদ্যোক্তা হয়েছি।’প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ৩৬টি দেশের বায়ান্নটি মিশনে বাংলাদেশ এ পর্যন্ত এক লাখ ২২ হাজার ৯৪ জন শান্তিরক্ষী পাঠিয়েছে। এসব মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের ১০৩ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনে জোটনিরপেক্ষ আন্দোলনের সমন্বয়কারী দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই সংঘাত-পরবর্তী সমাজে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন এবং প্রতিকারমূলক কূটনীতির পক্ষে অভিমত দিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শান্তিরক্ষা অভিযান-সংক্রান্ত বিভাগে পরিকল্পনা এবং কৌশল প্রণয়ন পর্যায়ে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নেই।প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সামনে একটি শান্তির মডেল উপস্থাপন করতে চাই। এটি একটি বহুমাত্রিক ধারণা, যেখানে গণতন্ত্র এবং উন্নয়নকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এতে আছে ছয়টি পরস্পর ক্রিয়াশীল বিষয় যা শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে। এগুলো হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য দূরীকরণ, বঞ্চনার লাঘব, ঝরে পড়া মানুষদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত করা এবং সন্ত্রাসবাদের মূলোত্পাটন। আমি এর নাম দিয়েছি “জনগণের ক্ষমতায়ন এবং শান্তি-কেন্দ্রিক উন্নয়ন মডেল”। এর মূল বিষয় হচ্ছে সকল মানুষকে সমান চোখে দেখা এবং মানবিক সামর্থ্য উন্নয়নের কাজে লাগানো। একমাত্র শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই এসব বাস্তবায়ন করা সম্ভব।’শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সমাজ থেকে অবিচার দূর করতে পারলেই সমৃদ্ধি অর্জন সম্ভব। এ জন্য প্রতিটি রাষ্ট্রকে আন্তরিকভাবে সঠিক ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘের তত্ত্বাবধানেও এটা বাস্তবায়ন করা সম্ভব।