যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর পর পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাংলাদেশের। এ কারণে গত দুই বছর দেশ দুটির মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়নি। এই প্রেক্ষাপটে আজ (সোমবার) থেকে ইসলামাবাদে অনুষ্ঠেয় দুই দিনের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবে বাংলাদেশ।ঢাকা ও ইসলামাবাদের কূটনৈতিক সূত্র গত শনিবার প্রথম আলোকে জানায়, বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় অগ্রাধিকার পাবে রাজনৈতিক সম্পর্কোন্নয়নের প্রসঙ্গটি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তার অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার যুদ্ধাপরাধের বিচারের (এখন একে বলা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার) উদ্যোগ নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। এ কারণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। তাই এ আলোচনাকে সম্পর্কোন্নয়নের সুযোগ হিসেবে কাজে লাগাতে চায় বাংলাদেশ।সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ১ ও ২ নভেম্বরের বৈঠককে কেন্দ্র করে আগামী এক বছরের জন্য কিছু পরিকল্পনার কথা ভাবছে বাংলাদেশ। রাজনৈতিক সম্পর্কোন্নয়নে অগ্রগতি হলে দুই পক্ষ ছয় মাসের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে সফর আয়োজনের উদ্যোগ নেবে। এরপর চেষ্টা চলবে প্রধানমন্ত্রী পর্যায়ের সফর বিনিময়ের।বৈঠকে বাংলাদেশের সাত সদস্যের দলের নেতৃত্বে থাকছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। পাকিস্তানের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রসচিব সালমান বশির।পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে মূলত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা হয়। এর পাশাপাশি গুরুত্ব পায় সর্বশেষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির বিষয়। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালের আগস্টে, ঢাকায়। ওই বৈঠকের অন্যতম সিদ্ধান্ত ছিল দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারে তোলা। এর অংশ হিসেবে কর্মকর্তারা এবার জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৭ সালের সিদ্ধান্ত বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এবারের বৈঠকে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে কথা হবে। বাণিজ্য সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নিতে সময়সীমা বেঁধে দিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দেবে বাংলাদেশ।জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘বাণিজ্যের পরিমাণ বাড়ানোর বিষয়টিতে খুঁটিনাটি অনেকগুলো কারিগরি দিক রয়েছে। তাই আমরা একটি কমিটি করার প্রস্তাব দেব। ওই কমিটি আগামী তিন-চার মাসের মধ্যে তাদের সুপারিশ দেবে। এর ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’চট্টগ্রাম-করাচি সরাসরি জাহাজ চলাচল বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, এবারের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। কারণ বাণিজ্যের পরিমাণ বাড়াতে জাহাজ চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ব্যাপারে বাংলাদেশ একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দেবে।আলোচনায় যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গটি এলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হবে, মানবাধিকার ও আইন সমুন্নত রাখতে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। এই বিচারের মাধ্যমে জাতির মনের ক্ষত প্রশমিত হবে। তা ছাড়া বিষয়টি সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। তাই এতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। অনিষ্পন্ন তিন প্রসঙ্গ: একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া, আটকে পড়া বিহারিদের প্রত্যাবাসন ও সম্পদের বণ্টন—দীর্ঘদিন ধরে এসব বিষয় অমীমাংসিত রয়ে গেছে। বাংলাদেশ মনে করে, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। কারণ ১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের করা ত্রিপক্ষীয় চুক্তি ও হামদুর রহমান কমিশনের প্রতিবেদন ক্ষমা চাওয়ার বিষয়টিকে ভিত্তি দিয়েছে। তা ছাড়া পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ১৯৯৭ সালে বাংলাদেশ সফরের সময় গণহত্যার বিষয়টি প্রথমবারের মতো উল্লেখ করে বলেছিলেন, পাকিস্তান ওই ঘটনার ব্যাপারে ক্ষমা চাইবে।২০০৮ সালের মে মাসে বাংলাদেশের হাইকোর্টের এক রায়ের ফলে প্রায় এক লাখ ৭০ হাজার আটকে পড়া পাকিস্তানি বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনো প্রায় এক লাখ ৩০ হাজার উর্দুভাষী প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ মনে করে, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসরণ করে পাকিস্তানের উচিত তার নাগরিকদের ফিরিয়ে নেওয়া।দুই দেশের মধ্যে ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলারের সম্পদ বণ্টনের বিষয়টি এত দিনেও সুরাহা হয়নি। এ ছাড়া ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য সহায়তা হিসেবে বিভিন্ন দেশের পাঠানো ২০ কোটি ডলার পাকিস্তান নিয়ে নিয়েছিল। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখায় জমা হওয়া ওই ত্রাণের টাকা মুক্তিযুদ্ধ চলার সময় ব্যাংকটির লাহোর শাখায় নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ওই অর্থ চেয়ে এলেও তা পাচ্ছে না।বৃত্তি কাজে লাগাতে অনীহা: কয়েক বছর ধরে বছরে ১০০ বাংলাদেশি কৃতী শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তি দিয়ে আসছে পাকিস্তান। কিন্তু চলতি বছর এই সুযোগের আওতায় কোনো বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে জানান, এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও বাংলাদেশ তেমন সাড়া দিচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, দুই দেশের সম্পর্কে ভাটা পড়াই বাংলাদেশের নিষ্পৃহতার কারণ। তা ছাড়া গত বছর পাকিস্তানে যাওয়ার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নানা রকম অসুবিধায় পড়েছিল বলে বাংলাদেশ কিছুটা অসন্তুষ্ট।প্রসঙ্গত, পররাষ্ট্রসচিবদের মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠানের বিষয়ে ২০০২ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রটোকল সই হয়। এরপর পররাষ্ট্রসচিব পর্যায়ে প্রথম বৈঠকটি হয় ২০০৩ সালের জুলাইতে ইসলামাবাদে। চতুর্থ ও সর্বশেষ বৈঠকটি হয় ঢাকায় ২০০৭ সালের আগস্টে।