বাংলাদেশ আইটিইউর কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন্স ইউনিয়নে (আইটিইউ) এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে মেক্সিকোতে আইটিইউর কার্যালয়ে এ কাউন্সিলর নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১২৩ ভোট পেয়ে ষষ্ঠ স্থান লাভ করে। চার বছর মেয়াদি মোট ১৩টি আসনের জন্যে প্রতিদ্বন্দ্বিতা করেছে ১৭টি দেশ। আজ মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে, আইটিইউর বর্তমান সদস্য দেশ ১৬১টি। সংগঠনটিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রতি বছরই ৪৮টি দেশকে কাউন্সিলর নির্বাচিত করা হয়। এর মধ্যে এশিয়া-অস্ট্রেলিয়া অঞ্চলের জন্য বরাদ্দ আসনের সংখ্যা ১৩।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজীউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মেক্সিকোর এ নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্র। ভোটাভুটিতে অংশ নেওয়া অন্য দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ১৩৫, চীন ১৩৪, জাপান ১৩৩, সৌদি আরব ১০৫, ভারত ১১৯, মালয়েশিয়া ১২৭, কোরিয়া রিপাবলিক ১২৫, থাইল্যান্ড ১২১, অস্ট্রেলিয়া ১১৯, কুয়েত ১০৮, ফিলিপাইন ১৯৭ এবং সংযুক্ত আরব আমিরাত ১১৪ ভোট পেয়েছে। আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ৯৩, শ্রীলঙ্কা ৭৯, লেবানন ৭৫ এবং সিরিয়া ৬৩ ভোট পেয়ে পরাজিত হয়। বাংলাদেশ ২০১০-২০১৪ মেয়াদে এই দায়িত্ব পালন করবে। বাংলাদেশের এ অর্জন প্রসঙ্গে মেক্সিকোতে অবস্থানরত টেলিযোগাযোগমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টারই অংশ এই অর্জন। বিশ্ব আইসিটি পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি নেতৃত্বকারী দেশ হিসেবে স্থান করে নিয়েছে।’