বাংলাদেশ আইসিইউতে আছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বাংলাদেশ এখন মুমূর্ষু অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আছে। দেশকে বাঁচাতে হলে যারা ইসলাম ও রাসুলের বিরুদ্ধে কথা বলছে, তাদের ধ্বংস করতে হবে। জামায়াতে ইসলামী ছাড়া যত ইসলামি দল আছে, তাদের একত্র হয়ে ইসলাম রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।আজ শনিবার দুপুরে ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা জামে মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মুসুল্লিদের উদ্দেশে এরশাদ এসব কথা বলেন।শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের দিকে ইঙ্গিত করে এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শোতে ইসলাম ধর্মের সমালোচকদের উদ্দেশে এরশাদ বলেন, ‘আপনারা যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে ইসলামের সমালোচনা করেন, তাঁরা ইসলাম ধর্ম পরিহার করে অন্য ধর্ম গ্রহণ করে ইসলামের সমালোচনা করুন।’সরকারের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আর মানুষ হত্যা করবেন না। জীবনে আমি এই প্রথম দেখলাম কোনো দেশে নির্বিচারে এভাবে গুলি করে মানুষ হত্যা করা হয়। যাদের গুলি করে মারছেন তারাও মানুষ, তারাও মুসলমান। মানুষ মেরে চিরদিন ক্ষমতায় থাকা যাবে না।’এরশাদ বলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন মসজিদের বিদ্যুত্ বিল মওকুফ করে দিয়েছিলাম। আবার যদি কোনো দিন ক্ষমতায় আসি, তাহলে মসজিদ ও মন্দিরে বিদ্যুত্ ও পানির বিল দিতে হবে না।’অনুষ্ঠানে নেছারাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমানও বক্তব্য দেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রহুল আমীন হাওলাদার, ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মো. মজিদ আলী এ সময় উপস্থিত ছিলেন।এর আগে এরশাদ হেলিকপ্টারযোগে ঝালকাঠি নতুন স্টেডিয়ামে অবতরণ করেন। ঝালকাঠির জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ সময় তাঁকে স্বাগত জানান।