বাংলাদেশ আছে বলেই ‘গ্রুপ অব ডেথ’!
‘ডি’তে অনেক কিছুই হয়। তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কি ‘ডি’ ফর ডেথ! গ্রুপ ‘ডি’ মানে ‘গ্রুপ অব ডেথ’?বিশ্বকাপ ফুটবলে ‘গ্রুপ অব ডেথ’ কথাটা খুব চালু। চূড়ান্ত পর্বের ড্রয়ের পরই কোনো না কোনো গ্রুপকে এই নাম দিয়ে দেওয়া হয়। সব সময় যে সেটি ‘ডি’ গ্রুপের সঙ্গে মিলে যায় এমন নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে মিলে যাচ্ছে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ—প্রথম পর্বে গ্রুপ ‘ডি’কে ঘিরেই সবচেয়ে বেশি রোমাঞ্চ। সবচেয়ে বেশি অনিশ্চয়তাও।একটা ব্যাপার অবশ্য পরিষ্কার করে নেওয়া ভালো। গ্রুপ অব ডেথ আসলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের জন্য। বাংলাদেশের জন্য যাহা বাহান্ন তাহাই তেপান্ন। অন্য কোনো গ্রুপে পড়লেও বাংলাদেশের সুপার এইটে ওঠার স্বপ্নে বাড়তি রঙের পোঁচ পড়ত না। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ড তো গ্রুপে তৃতীয় দলটা আরেকটু সহজ পেতেই পারত। বাছাই আটটি দলের বাইরে চারটি দল বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছে চার গ্রুপে। বেছে নেওয়ার সুযোগ থাকলে বড় সব দলই বাংলাদেশ ছাড়া অন্য তিন দলের কোনোটিকে চাইত। বাংলাদেশ আছে বলেই এটি ‘গ্রুপ অব ডেথ’। যেখানে দুই ম্যাচের একটিতে পা ফসকালেই ছুটি হয়ে যেতে পারে পাকিস্তান বা নিউজিল্যান্ডের। কাল দুপুরে পালেকেল্লে স্টেডিয়ামে অনুশীলনের শুরুতে ১০-১২ জন কিশোরের যে দলটা বাংলাদেশ দলের সঙ্গী হলো, খেলার মতো আপাততুচ্ছ একটা বিষয়ের সঙ্গে জীবন-মৃত্যু জড়িয়ে ফেলা হচ্ছে জানলে তারা নিশ্চিত বিদ্রূপের হাসি হাসবে। আক্ষরিক অর্থেই যে মৃত্যুকে সঙ্গী করে তাদের বেড়ে ওঠা। ৩০ বছরের গৃহযুদ্ধে তামিল টাইগারদের অভয়াশ্রম হয়ে থাকা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে ক্রিকেট ছিল এক বিলাসিতার নাম। যুদ্ধ শেষে সেখানে নতুন জীবন শুরুর আয়োজনে ক্রিকেটও থাকছে। শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত তামিল সেটির মূল উদ্যোক্তা। মুত্তিয়া মুরালিধরনের সেবামূলক প্রতিষ্ঠান ‘ফাউন্ডেশন অব গুডনেস’-এর সঙ্গে মিলে আইসিসি ওই অঞ্চলে পাঁচটি নতুন ক্রিকেট মাঠ করেছে। কদিন আগে স্কুলছাত্রদের নিয়ে শেষ হয়েছে মুরালি হারমোনি কাপ ২০১২। টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরের উদ্বোধন করতে গিয়েছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। আইসিসির উদ্যোগে সেই টুর্নামেন্টেরই একটি দল সেন্ট্রাল কলেজের কিশোরেরা কাল বাংলাদেশের ক্রিকেটারদের সাহচর্য পেল।আরেকটু সময় মিললে ওই কিশোরদের কাছ থেকেও প্রেরণার অনেক গল্প খুঁজে পেতে পারতেন মুশফিকরা। প্রতিকূলতার যে ঢেউ ওরা পেরিয়ে এসেছে, তার তুলনায় নিউজিল্যান্ড ও পাকিস্তানের বাধা টপকানো তো একেবারই তুচ্ছ। তবে হিসাব তো আসলে এভাবে হয় না। টি-টোয়েন্টি বলে আবার হয়ও।নিউজিল্যান্ড দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে মার্টিন গাপটিল যেমন বলে গেলেন, ‘টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড়ই কোনো দলের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে পারে।’ বাংলাদেশ দলের কোচ রিচার্ড পাইবাস বলতে গেলে একই কথা একটু অন্যভাবে বললেন, ‘টি-টোয়েন্টির মজা হলো, এটি যেকোনো দুটি দলকে খুব কাছাকাছি নিয়ে আসে।’রিচার্ড পাইবাসের মধ্যে একটা শান্ত-সমাহিত ভাব আছে। ইদানীং নাকি অহিংস বুদ্ধের বাণীতেও আশ্রয় খুঁজছেন। টি-টোয়েন্টি ক্রিকেটেও যেকোনো পরিস্থিতিতে ‘শান্ত-সমাহিত’ থাকাটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে ডি গ্রুপকে বিশেষায়িত করতে রাজি নন। কারণ তাঁর মতে, যখন তিনটি করে দল থাকে, সব দলই গ্রুপ অব ডেথ। নিউজিল্যান্ডকে গোছানো একটা দল বলে স্বীকৃতি দিচ্ছেন, তবে অজেয় মনে করছেন না মোটেই। কদিন আগে নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে ভারতকে ভারতের মাটিতে হারিয়ে এসেছে—এটা মনে করিয়ে দেওয়ায় দারুণ জবাব দিলেন, ‘কিছুদিন আগে তো আমরা আয়ারল্যান্ডকে ৩-০-তে হোয়াইটওয়াশ করে এসেছি। সেদিন (সোমবারের প্রস্তুতি ম্যাচে) কি তা কোনো কাজে দিল? টি-টোয়েন্টিতে নির্দিষ্ট দিনে কে ভালো খেলে সেটাই ব্যাপার।’গাপটিল স্বাভাবিকভাবেই চেন্নাইয়ের ওই জয়কে বড় করে দেখাতে চাইলেন। দুই দলের সর্বশেষ দেখায় নিউজিল্যান্ডকে ৪-০-তে ‘বাংলাওয়াশ’ করার ওই ইতিহাস। ওই সিরিজে তিনি ছিলেন না বলে এড়িয়ে যেতে চাইলেন প্রসঙ্গটা। আবার তা তোলায় বললেন, ‘দুই বছর পেছনে তাকানোর কোনো মানে হয় না। বড়জোর গত সপ্তাহ দুয়েকের কথা হতে পারে।’ এই সময়ে ভারতকে তাদের কন্ডিশনে হারানোর কথাটাও মনে করিয়ে দিলেন এই সুযোগে।বাংলাদেশ দল সম্পর্কে অবশ্য শ্রদ্ধার অভাব নেই, ‘ম্যাচটা কঠিন হবে। আমরা জানি, ওদের দলে বিশ্বমানের বেশ কজন খেলোয়াড় আছে।’ টি-টোয়েন্টিতে ‘বিশ্বমান’ বলতে ঠিক কী বোঝায়, এটাও অবশ্য বেশ চিন্তার খোরাক হতে পারে।