বাংলাদেশ আজ নির্ভার প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মিরপুরে যারা খেলা দেখতে যাবে, তারা অনেক শুভ সংবাদ আগাম পেয়ে গেছে। পত্রপত্রিকায় প্রচারিত হয়েছে, দর্শকদের জন্য শেরেবাংলার ব্যবস্থাপনা বিশ্বকাপের প্রথম খেলার চেয়ে অনেক বেশি সুবিধাজনক হবে। আগের দিনের অনেক ভোগান্তি আজ থাকবে না। দর্শক সাধারণ ক্যামেরা দিয়ে স্মৃতি ধরে রাখা ছবি তুলতে পারবে। খাবারদাবার, পানীয়ের সরবরাহ থাকবে প্রতুল এবং সেগুলোর বিনিময়-মূল্য থাকবে সহ্যসীমার মধ্যে। নির্দিষ্ট আসনে বসতেও অসুবিধা হবে না। কিন্তু এসব আনন্দ সংবাদে আজ দর্শকদের কোনো আগ্রহ নেই। আজ মাঠী মাঠের বাইরের দর্শক-শ্রোতা সবাই যে শুভসংবাদ জুমার এ পবিত্র দিনটির কাছে প্রত্যাশা করে—বাংলাদেশের জয়। কিন্তু সে সংবাদ তো আর আগেভাগে জেনে মাঠে যাওয়া যায় না। গৌরবময় অনিশ্চয়তার রোমাঞ্চ অনুভবের জন্যই তো খেলা এবং খেলা দেখা। খেলা শেষের একটা সম্ভাব্য দৃশ্যকল্প নিয়ে সেটার তাড়নার আবেগে আমরা খেলা দেখি। সেই তাড়নার নাম সমর্থন। সমর্থনের কাম্য বিজয়। আজ বাংলাদেশের জয় প্রত্যাশা আবেগমথিত কামনা নয়, ক্রিকেটীয় যুক্তির তারে বাঁধা। আজকের খেলার নাটকীয় চরিত্রের কথা মনে রেখেও জয় নিশ্চিত জেনে দর্শক খেলা দেখতে চাইবে। ক্রিকেটারদের দায় থাকবে ঐকান্তিক আত্মপ্রয়োগে সেই জয় নিশ্চিত করার। সেটা তারা করবে বলেই সারা দেশের মানুষের বিশ্বাস।বিশ্বকাপের স্বপ্ন বাস্তবায়নের জন্য সেটা আজ করতেই হবে। প্রচলিত ক্রিকেটীয় বিশ্লেষণে বাংলাদেশই সম্ভাব্য বিজয়ী। আইরিশদের পক্ষে আছে গত বিশ্বকাপে আমাদের হারানোর প্রেরণা, আছে অর্ধডজন ইংলিশ কাউন্টি খেলা ফর্মের তুঙ্গে থাকা ক্রিকেটার, আছে আমাদের উৎসব নষ্ট করার ঘোষিত সংকল্প। অন্যদিকে আমাদের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অধিকতর বিচরণ, আছে গত বিশ্বকাপের পর দেশের মাটিতে ওদের হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা, স্বাগতিক সুবিধাসহ আক্রমণে স্পিন-প্রাবল্য, দেশের মাটিতে সাম্প্রতিক সময়ের দলীয় বিজয় সংহতি। আর সর্বোপরি আছে বিশ্বসেরা অলরাউন্ডারের কার্যকর নেতৃত্ব। এসব নিয়ে আজকের জন্য সাকিবের সুচিন্তিত রণকৌশলের ওপর দেশবাসী আস্থা রাখতেই পারে। উপস্থিত সুবিধাগুলো কাজে লাগিয়ে, ক্রিকেটের খলনায়ক ভাগ্যের নির্মাতাকে টপকে, ক্রমেই প্রবল হয়ে ওঠা আয়ারল্যান্ডকে ব্যাটে-বলে নিজেদের প্রবলতর প্রয়োগে আজ আমাদের শেষ হাসি হাসতেই হবে। জানি, আমাদের ছেলেরা আজকের জন্য নির্ভার প্রস্তুত। আমি কি ডরাই সখি ভাইকিং দঙ্গলে!জিমি সিডন্স, কাগজে দেখলাম, ঘোষণা দিয়েছেন আজ আশরাফুল খেলবে এবং সাতে ব্যাট করবে। আশরাফুলের লেগ স্পিন আক্রমণে বৈচিত্র্য আনবে ভেবে হয়তো তাকে আবার সুযোগ দেওয়া। আশরাফুল সাতে ব্যাট করলে মাহমুদুল্লাহ কি বাদ পড়বে, না আটে নেমে যাবে? বাদ পড়ার তো প্রশ্ন আসে না, আইরিশ ক্যাম্পে যে পাঁচ বাঁহাতি ব্যাটসম্যান। সে যা-ই হোক, যা বলতে চাচ্ছি তা হলো, আশরাফুল সাত নম্বরে ব্যাট করলে বাংলাদেশ আগে-পরে যখনই ব্যাট করুক, ওকে যেন ব্যাট হাতে নামতে না হয়। একান্তভাবে এ রকম কামনা করি। এ রকম হলে একটা ফুরফুরে জয় পেয়ে যাব। আজ রাতে একটি উৎসবের অপেক্ষায় থাকছে বাংলাদেশ।