বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর গোপীবাগে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহিষ্কৃত শিক্ষকের পুনর্বহাল, রেজিস্ট্রার ইনচার্জ ও ডেপুটি রেজিস্ট্রারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করছেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ে আজকের কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।শিক্ষার্থীদের অভিযোগ, রেজিস্ট্রার ইনচার্জ শহিদুল বারী ও ডেপুটি রেজিস্ট্রার মোরশেদুর রহমান ট্রাস্টি বোর্ডের সঙ্গে যোগসাজশ করে তাঁদের প্রিয় একজন শিক্ষককে অপমান করেছেন। অপর এক শিক্ষককে বহিষ্কারের চিঠি পাঠিয়েছেন। ওই শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে সম্মানের সঙ্গে অবস্থান ও বহিষ্কৃত শিক্ষককে পুনর্বহালের দাবিতে আজ সকাল সাড়ে সাতটা থেকে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে ঢিল ছুড়ে বিশ্ববিদ্যালয় ভবনের জানালার কাচ ও সরঞ্জাম ভাঙচুর করেছেন।এ ছাড়া আইন বিভাগের সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষক নিয়োগ, লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব সম্প্রসারণসহ বিভিন্ন দাবি তুলেছেন শিক্ষার্থীরা।শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি বৈঠক চলছে।