বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকের উদ্বোধন করেন।বৈঠকে ৩২টি দেশ ও উন্নয়ন সহযোগীদের শীর্ষপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাবের ভয়াবহ দিক বিবেচনা করে উন্নয়ন সহযোগীদের প্রতি সংবেদনশীল দেশ, স্বল্পোন্নত দেশ, সমুদ্র উপকূলবর্তী নিচু ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর জন্য প্রতিশ্রুত অর্থ বিতরণের আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে গত ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে উন্নয়ন সহযোগীরা একটি তহবিল গঠনের অঙ্গীকার করেছিল। ব্রাসেলস কর্মসূচির আওতায় উন্নয়ন সহযোগীরা উন্নয়নশীল দেশের জন্য তাদের জাতীয় আয়ের শূন্য দশমিক সাত শতাংশ এবং স্বল্পোন্নত দেশের জন্য শূন্য দশমিক দুই শতাংশ দেওয়ার অঙ্গীকার করেছিল। প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার কিছু নিজস্ব কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নদীগুলোকে ড্রেজিং, জমি উদ্ধার, উঁচু জমিতে ছিন্নমূল মানুষের জন্য বাড়ি তৈরি, আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন জাতের ফসল উদ্ভাবন ও জীববৈচিত্র্য রক্ষা করা।সরকার জলবায়ুবিষয়ক ১৩৪টি কর্মসূচির অনুমোদন দিয়েছে।জলবায়ু পরিবর্তন নিয়ে গঠন করা হয়েছে ১০ কোটি ডলারের একটি তহবিল। একইসঙ্গে দাতাদের সহযোগিতায় ১৫ কোটি ডলারের আরও একটি ট্রাস্ট তহবিল গঠন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। কাল মঙ্গলবার রয়েছে আরও তিনটি অধিবেশন। প্রধানমন্ত্রী বলেছেন, অধিবেশন থেকে যে সুপারিশমালা বের হয়ে আসবে, তা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন-কৌশল বাস্তবায়ন এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর সমন্বয়ের একটি উন্নততর কৌশল উদ্ভাবন করবে, যা সরকারের অগ্রাধিকার ও লক্ষ্য বাস্তবায়নে নির্দেশিকা হিসেবে কাজ করবে।