বাংলাদেশ এক টাকাও পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ঘোষিত বছরে ১০ বিলিয়ন ডলার বা প্রায় ৭০ হাজার কোটি টাকার জলবায়ু তহবিল এখনো কাগজে-কলমে রয়ে গেছে। তিন বছরে ৩০ বিলিয়ন ডলার দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পুরো অর্থ ওই তহবিলে জমা হয়নি। পুরো অর্থ জমা না হলে তহবিল ছাড় হবে না বলে জানিয়ে দিয়েছে জাতিসংঘ। তাই টাকা ছাড়ের প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো জলবায়ু ক্ষতির শিকার বাংলাদেশ, মালদ্বীপসহ কয়েকটি দেশকে দ্বিপক্ষীয় তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই তহবিলের ব্যবস্থাপনাও চূড়ান্ত হয়নি। ফলে বাংলাদেশ নিজস্ব জলবায়ু তহবিলের (ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড) এক হাজার ৪০০ কোটি টাকা দিয়েই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কাজ শুরু করেছে।যুক্তরাজ্য ও ডেনমার্ক থেকে বাংলাদেশকে বলা হয়েছিল, তহবিলটি বহুপক্ষীয় দাতাদের দেওয়া সহায়তা তহবিল (মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড-এমডিটিএফ) হিসেবে থাকবে এবং এর ব্যবস্থাপনা থাকবে বিশ্বব্যাংকের হাতে। বাংলাদেশ এর বিরোধিতা করে তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব নিজের হাতে রাখার দাবি তোলে। সম্প্রতি বিশ্বব্যাংককে কারিগরি সহায়তাকারী হিসেবে রেখে তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের হাতে দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা তহবিল (বিসিসিআরএফ)।যুক্তরাজ্যের দেওয়া সাড়ে সাত কোটি পাউন্ড, ইইউর সাড়ে ৮৫ লাখ ইউরো এবং ডেনমার্কের এক কোটি মিলিয়ন ডেনিশ ক্রোনার দিয়ে তহবিলের প্রাথমিক কাজ শুরু হওয়ার কথা। এ ছাড়া সুইডেনও তহবিলে অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র সরকার গত আগস্ট মাসে বাংলাদেশে ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২১০ কোটি টাকার একটি প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে জলবায়ু অভিযোজনবিষয়ক ওই প্রকল্প আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে বলে যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএইড সূত্রে জানা গেছে।নিজস্ব অর্থই ভরসা: আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ না পেলেও বাংলাদেশ এক হাজার ৪০০ কোটি টাকার একটি নিজস্ব জলবায়ু তহবিল সৃষ্টি করেছে। তহবিল ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ শেষে সম্প্রতি এর টাকা ছাড় হতে শুরু করেছে। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি প্রতিষ্ঠান তহবিল থেকে অর্থ বরাদ্দ পেয়েছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা সূত্রে জানা গেছে, বাংলাদেশ তার নিজস্ব তহবিল কতটা স্বচ্ছ ও কার্যকরভাবে ব্যবহার করতে পারে, তা পর্যবেক্ষণ করছে জাতিসংঘসহ ধনী দেশগুলো। বাংলাদেশ সফলভাবে এই তহবিল ব্যবস্থাপনা করতে পারলে ধনী দেশগুলো বাংলাদেশকে অর্থ দেওয়া শুরু করবে।জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) সদস্য আতিক রহমান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় অর্থ ছাড় করতে দেরি করায় বাংলাদেশ নিজ উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলা শুরু করেছে। এটা সারা বিশ্বের কাছে একটি উদাহরণ। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ এখনো বিশ্ব সম্প্রদায়ের সহানুভূতির মধ্যে আছে। দেশীয় ও আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপনা সঠিক ও কার্যকরভাবে করতে পারলে বাংলাদেশ আরও সহায়তা পাবে।আলোর মুখ দেখছে না সবুজ তহবিল: ২০০৯ সালের ডিসেম্বরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হয়ে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ২০১২ সাল পর্যন্ত প্রতিবছর ১০ বিলিয়ন ডলারের ‘কোপেনহেগেন সবুজ তহবিল’ ঘোষণা করা হয়। ২০১২ সাল থেকে ওই তহবিল বছরে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলেও জাতিসংঘের মহাসচিব বান কি মুন ঘোষণা দিয়েছিলেন। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী শিল্পোন্নত ৩৭টি দেশ এই তহবিলে অর্থ জোগান দেওয়ারও অঙ্গীকার করে। ২৯ নভেম্বর থেকে মেক্সিকোর কানকুনে জাতিসংঘের পরবর্তী জলবায়ু সম্মেলন সিওপি-১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উন্নত দেশগুলো ইতিমধ্যে অঙ্গীকার করা অর্থ বিশ্বব্যাংক ও জাতিসংঘের আওতায় বিভিন্ন তহবিলে বরাদ্দ দেওয়া শুরু করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ডেনমার্ক, কানাডাসহ বেশ কিছু রাষ্ট্র বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলে (সিআইএফ) অর্থ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে।বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, তহবিল ব্যবস্থাপনার দায়িত্ব বিশ্বব্যাংকের হাতে দেওয়া যাবে না। এর জন্য একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিত্ব থাকতে হবে সেখানে। এই দাবি পূরণের ব্যাপারে আলোচনার অগ্রগতি হয়নি।পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, কোপেনহেগেন জলবায়ু তহবিলের টাকা পেতে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। জাতিসংঘ সম্ভাব্য যে খাতগুলোতে টাকা দিতে পারে, তা চিহ্নিত করে প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হয়েছে। কিন্তু এখনো ব্যবস্থাপনা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে তা উপস্থাপন করা যাচ্ছে না।কে কত দিল: জাতিসংঘের জলবায়ু তহবিল ব্যবস্থাপনা পর্যবেক্ষণকারী সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট ‘জলবায়ু তহবিলে অর্থ উপস্থাপনের সারক্ষেপ’ শীর্ষক এক প্রতিবেদনে বলছে, ওই তহবিলে ইইউ ২০১০ সালের জন্য প্রাথমিকভাবে ২৬৪ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছে। তবে ইইউর ২৭টি দেশ আলাদাভাবে অঙ্গীকার জানানোর পর হিসাব করে দেখা যাচ্ছে, তাদের প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৩০৭ কোটি ডলার।যুক্তরাষ্ট্র ১৩০ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করে। এর মধ্যে ক্লিন এনার্জি খাতে ৫৯ কোটি ৫০ লাখ ডলার, অভিযোজন বাবদ ৪৪ কোটি ৮০ লাখ এবং সাসটেইনেবল ল্যান্ডস্কেপ (মূলত বন সংরক্ষণ) খাতে ২৬ কোটি ১০ লাখ ডলার দেওয়ার কথা বলেছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে কোন সংস্থাগুলোর মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে, তা চূড়ান্ত করেছে।অন্য শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া ৫৯ কোটি ৯০ লাখ ডলার, কানাডা ৩৮ কোটি ৩৯ লাখ ডলার, নরওয়ে ৫৬ কোটি ডলার, সুইজারল্যান্ড ১৩ কোটি ৩৪ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই টাকার বড় অংশ বনায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কর্মসূচি ও নিম্ন কার্বন নিঃসরণ প্রযুক্তি খাতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।ইউরোপীয় কমিশন ছয় কোটি ২২ লাখ ডলার ও যুক্তরাজ্য ৮০ কোটি ডলারের প্রতিজ্ঞা করেছিল, যার অর্ধেক কার্বন নিঃসরণ প্রশমন ও অর্ধেক অভিযোজন বাবদ ব্যয় হবে।ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ডেনমার্ক ২০ কোটি ৭০ লাখ ডলার, ফিনল্যান্ড ১১ কোটি ডলার, ফ্রান্স ১৬২ কোটি ডলার, জার্মানি ৪৫ কোটি দুই লাখ ডলার, আয়ারল্যান্ড ১২ কোটি ৮৬ লাখ ডলার, নেদারল্যান্ড ৩৯ কোটি ৮৭ লাখ ডলার, স্পেন ৪৮ কোটি ২২ লাখ ডলার এবং সুইডেন ১০২ কোটি ৮৬ লাখ ডলার দেওয়ার অঙ্গীকার করেছিল।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাতের মতে, আসন্ন কানকুন সম্মেলনে পুরো ৩০ বিলিয়ন ডলারের তহবিল ব্যবস্থাপনা নিয়ে একটি চূড়ান্ত ফয়সালা হতে পারে। শিল্পোন্নত দেশগুলো যাতে এই তহবিল এমন সব খাতে দেয় যেখান থেকে বাংলাদেশ জলবায়ু অভিযোজনে অর্থ সংগ্রহ করতে পারে, সে চেষ্টা সরকারকে করতে হবে।