বাংলাদেশ এক বছরে জঙ্গি দেশের দুর্নাম ঘুচিয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের এক বছরে বাংলাদেশ সন্ত্রাসী জঙ্গি দেশের দুর্নাম ঘুচিয়েছে। বাংলাদেশ এখন অপার সম্ভাবনার দেশ হিসেবে সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তির দেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় বিরোধী দলের সদস্যরা উপস্থিত থাকলেও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে আসেননি। ধন্যবাদ প্রস্তাবের ওপর বিরোধী দলের নেতার ভাষণ দেওয়ার রেওয়াজ থাকলেও তিনি সংসদে উপস্থিত ছিলেন না। ১০ মাস বর্জনের পর এ অধিবেশনে বিরোধী দল যোগ দিলেও বিরোধীদলীয় নেতা মাত্র এক দিন সংসদে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাঁর ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বর্তমান সরকারের গত এক বছরের কর্মকাণ্ড এবং ভবিষ্যত্ পরিকল্পনার কথা তুলে ধরেছেন।শেখ হাসিনা বলেন, ‘এক বছরে যত কাজ করা সম্ভব মনে হয় তার চেয়ে বেশি কাজই আমরা করেছি।’ প্রধানমন্ত্রী এরপর বর্তমান সরকারের বিভিন্ন খাতওয়ারি উন্নয়নকাজের একটি চিত্র তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি-জামায়াত জোট সরকার শুধু টাকাই চিনেছিল। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কামিয়ে তারা ২০০৭ সালে নীল-নকশার নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিল। আর বিএনপির নির্বাচনে কারচুপি করার অপচেষ্টা থেকেই ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, একটি দেশের প্রধানমন্ত্রী যদি কালো টাকা সাদা করেন তখন তো আর দুর্নীতি নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে না।বিগত তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘জেলখানায় আমাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, আজও একটি চোখ নষ্ট হবার উপক্রম। জেলখানায় ময়লা-দুর্গন্ধময় একটি বাড়িতে আমাকে রাখা হয়েছিল। দেওয়া হয়েছিল ইঁদুরে কাটা তোশক। আর বেগম জিয়াকে কিন্তু স্পিকারের জন্য নবনির্মিত বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে কাজের লোক থাকতে দেওয়া হতো। লন্ড্রি থেকে কাপড় ধোয়ার ব্যবস্থা ছিল। খাবারদাবার বাসা থেকে আসত।’শেখ হাসিনা বলেন, ‘মাইনাস টু নয়, তাদের ফর্মুলা ছিল মাইনাস ওয়ান। টার্গেট ছিলাম আমি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মুক্তির দাবিতে ১৫ দিনে ২৫ লাখ স্বাক্ষর জোগাড় করা হয়েছিল। এর পরই তত্কালীন সরকার আমাকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করে।’শেখ হাসিনা বলেন, ‘গ্রেপ্তার অবস্থায় জরুরি অবস্থার সময় আমি যখনই কোর্টে এসেছি তখন কিন্তু বিএনপির নেতাদের স্ত্রী-সন্তানদের গ্রেপ্তারের প্রতিবাদ করেছি। আর এ জন্যই হয়তো নির্যাতন বেশি হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্র করেই বিএনপি সরকার সেনাবাহিনীর নয়জন কর্মকর্তাকে ডিঙিয়ে জেনারেল মইনকে সেনাপ্রধান করে। যাতে তিনি চুরি করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিতে পারেন। শেখ হাসিনা বলেন, ‘জরুরি অবস্থার সময় বিরোধীদলীয় নেতাকে যখন বিদেশে পাঠানোর চেষ্টা করে তখন কিন্তু আমি প্রতিবাদ করেছি। বলেছি অন্যায় করলে দেশেই তাঁর বিচার হবে। লন্ডনসহ বিভিন্ন দেশে খালেদা জিয়ার বিদেশে পাঠানোর উদ্যোগের প্রতিবাদ করি। কিন্তু বিএনপির কোনো নেতা তখন এর প্রতিবাদ করেননি।’ তিনি বলেন, এবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেই চালের দাম কমেছিল। বিএনপি ক্ষমতায় এলে চালের দাম ৭০-৮০ টাকা হতো। বর্তমান সরকারের আমলে সবার বেতন-ভাতা বাড়ানো হয়েছে। যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে সারের দাম দুই দফা কমানো হয়েছে। কৃষককে সরাসরি ভর্তুকি দেওয়ার জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯২ সাল থেকে দেখছি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর জন্মদিন পালন করছেন। কী ধরনের বিকৃত রুচি না থাকলে সেজেগুঁজে বিরাট কেক এনে এমন মিথ্যে জন্মদিন পালন করতে পারেন। খুনিদের উত্সাহিত করতেই হয়তো তিনি এটা করেছিলেন। কোনো ডকুমেন্টেই তো খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট লেখা নেই। জিয়াউর রহমানের সঙ্গে করা তাঁর পাসপোর্টে তো জন্মদিন ছিল সেপ্টেম্বরে। একজন মানুষ কয়বার জন্মাতে পারে?’পঞ্চম সংশোধনীর রায় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আদালতের রায় মানবেন কেন? কারণ, তারাই তো বিচারপতির দরজায় লাথি মেরেছিল। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো বিতর্ক নেই। কারণ, স্বাধীনতার ঘোষণা দেওয়ার অধিকার তারই আছে, জনগণের ম্যান্ডেট যার আছে। এ অধিকার একমাত্র বঙ্গবন্ধুর হাতেই ছিল। নির্বাচনে জনগণ তাঁকে অধিকার দিয়েছিল।প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার সম-উন্নয়নে বিশ্বাস করে। এ জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমান ১৫ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ডের বাজেট দেওয়া হয়েছে। বিরোধী দলের নেতার পাঠানো প্রকল্পের তালিকা দেখিয়ে তিনি বলেন, ‘এভাবেই আমরা সম-উন্নয়নে কাজ করছি।’ প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি।