বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে। তাদের এমনভাবে বেড়ে উঠতে হবে, যাতে তারা দেশকে আধুনিক করে গড়ে তুলতে পারে। এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশের সাফল্যের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, সেই দিন দূরে নয়, যেদিন বাংলাদেশ ক্রিকেটে ওয়ার্ল্ড কাপ জিতবে।আজ সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশুদের আয়োজিত এক র্যালিতে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে শেখ হাসিনা বলেন, সব উপজেলায় সরকার স্টেডিয়াম ও খেলার মাঠ তৈরি করবে। শুধু ক্রিকেটেরে জন্য নয় সব ধরনের খেলার জন্য খেলার মাঠ তৈরি করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশের সব স্কুলে শরীরচর্চার জন্য ব্যবস্থা করা হবে। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউটের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা নানা ধরনের শারীরিক কসরত প্রদর্শন করেন।