বাংলাদেশ এবার ‘বিধ্বস্ত’ নয়!
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৮/৪বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৮/৭ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪০ রানে জয়ীআবদুর রাজ্জাক রানের জন্য ছুটেছিলেন। সাকিব আল হাসান ফিরিয়ে দিলেন। ইনিংসের শেষ বল। ঝুঁঁকি নিলে রানআউটের সম্ভাবনাই বেশি, হলেও হতো একটি রান। এই এক রান নিলে বাংলাদেশের পরাজয়টা হতো ৩৯ রানের। কিন্তু তাতে লাভ? হার তো হারই।হার ঠিক আছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ২৯৮ রান করে ফেলার পর ৪০ রানের পরাজয় খারাপ কি! এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ৫৮ কাণ্ডের কেবলই পরের ম্যাচ ভাবলে তো আরোই। যে উইকেটে ২৪০-২৫০ রানকেও মনে করা হয় জেতার মতো সংগ্রহ, সেখানে ২৯৮ রান তাড়া করে জেতা বাংলাদেশের জন্য স্বপ্নের মতো ব্যাপার। তার চেয়ে বরং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে একটা ইতিবাচক দিক খুঁজে নেওয়া যাক—রান পাহাড়ের নিচে চাপা পড়েও ‘বাংলাদেশ’ এবার বিধ্বস্ত জনপদ নয়।পরাজয়ে সান্ত্বনা হতে পারে কথাটা। নইলে ২৯৮ রানের সামনে ৭ উইকেটে ২৫৮ করা বাংলাদেশের ব্যাটিং অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। উইকেটে বোলারদের জন্য কিছুই ছিল না। ক্যারিবীয় বোলাররাও পারেননি সামর্থ্যকে ছাড়িয়ে যেতে। তার পরও যে বাংলাদেশ ব্যাটসম্যানদের অনেক সম্ভাবনাময় ইনিংস বেশি দূর এগোল না, সে জন্য দায়ী ভুল শট। ব্যতিক্রমও আছে। ৫৮ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে সাকিব আল হাসান তো ঠিকই চিনিয়েছেন নিজেকে!বড় লক্ষ্য তাড়া করতে গেলে শুরুটা যেমন হওয়া দরকার, সেটা হয়নি। ওপেনিংয়ে তামিম-ইমরুল জুটির অনুপস্থিতিই হয়তো এর কারণ। মাংসপেশিতে টান পড়ায় ফিল্ডিংয়ের শেষ দিকে মাঠে ছিলেন না ইমরুল। নিয়ম মেনে পরের ইনিংসে অন্তত ১৫ মিনিট মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তামিমের ওপেনিং সঙ্গী তাই নাঈম। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইনিংস শুরু করতে নামা নাঈম একটু যেন অস্বস্তিতেই ভুগছিলেন। কেমার রোচকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ফিফটি করেছেন, কিন্তু লক্ষ্য যখন পাহাড়সমান, ৭৮ বলে ফিফটি একটু বেমানানই।বাজে শটে আউট হওয়ার শুরুটা তামিমকে দিয়ে। ইনিংসের ১৩তম ওভারে প্রথম বল হাতে নেন বহুল আলোচিত লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। অফ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া প্রথম বলে অযথাই ব্যাট চালিয়ে কট বিহাইন্ড তামিম। রামদিনের বলে হুক করতে গিয়ে গ্লাভসে বল লাগিয়ে কট বিহাইন্ড আশরাফুলও। এরপর ইমরুল, মুশফিকদের সম্ভাবনাময় ইনিংসেরও অকালমৃত্যু বাজে শটে।আউট হওয়ার আগে নাঈমের সঙ্গে ইমরুলের ৭৮ রানের জুটিটাই অবশ্য সম্মানজনক হারের দিকে নিয়েছে বাংলাদেশকে, শেষটা যার সাকিবের হাত ধরে। অলক কাপালির সঙ্গে তাঁর ৫৫ রানের ষষ্ঠ উইকেট জুটিটা আরেকটু টেনে নিতে পারলে ম্যাচ হয়তো শেষ দিকে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পেত। সেটা না হওয়ায় সাকিবই হয়ে থাকলেন আঁধার ঘরের মানিক। দুই বাউন্ডারির সঙ্গে কাইরন পোলার্ডকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে একটা ছক্কা আছে সদ্য সাবেক অধিনায়কের। বাংলাদেশের ইনিংসে ছক্কা আর একটাই। স্যামুয়েলসকে মিড উইকেট দিয়ে মারা নতুন অধিনায়ক মুশফিকের সেই ছক্কা মনে করিয়ে দিয়েছে টি-টোয়েন্টি ম্যাচের উইনিং শটটাকেই।গেইল নেই, নেই সারওয়ান-চন্দরপলরা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ। অথচ টসে হেরে ব্যাটিংয়ে গিয়ে অনভিজ্ঞ এই ব্যাটিং লাইনআপই কি ভোগাল বাংলাদেশের বোলারদের?১৫তম ওভারের শেষ বলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ওপেনার বারাথ। ওয়ানডের নতুন নিয়মের কারণে রানার নেওয়ার সুযোগ পাননি। নইলে সিমন্সের সঙ্গে তাঁর ওপেনিং জুটি কখন ভাঙত কে জানে! অবশ্য দলের ৬৭ রানের সময় বারাথের আহত অবসরের ঘটনা বোধ হয় শাপে বরই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ৪৭ বলে ২১ রান করে গেছেন বারাথ। আর ২৪ ওভার ১ বল একসঙ্গে উইকেটে থাকা সিমন্স-স্যামুয়েলস জুটিতেই আসে ১৫০ রান। নির্বিষ উইকেটে বাংলাদেশের বোলাররাও একেবারেই নখদন্তহীন। বাঁহাতি স্পিনে সাকিবের ৩ ওভারের প্রথম স্পেলটা ছিল একটু নিয়ন্ত্রিত। কিন্তু পরের স্পেলগুলোয় তিনিও দিশাহীন। কারও বলেই ঝাঁজ নেই, অধিনায়ক মুশফিক বাধ্য হয়েই বোলিং প্রান্তে বারবার মুখ বদলালেন। বেশির ভাগ স্পেলই ১, ২, ৩ ওভারের।পরিচিত উইকেটে জায়গা খুঁজে পেতে সমস্যা হচ্ছিল বাংলাদেশের বোলারদেরই, স্যামুয়েলস-সিমন্সরা তো উইকেট বুঝতে সময় নেবেনই। আহত বারাথকে হারিয়ে সে কারণেই প্রথম ১০ ওভারে রান এল ৪৭, ২০ ওভারে ৯০। দলের পক্ষে প্রথম এক শ ২৩তম ওভারে। তবে প্রথম দুই পাওয়ার প্লেতে ৪৭ আর ২৩ রান এলেও ৩৫ ওভারের পর যেন হাত খুলে গেল সিমন্স-স্যামুয়েলসের। ৩৬ থেকে ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং পাওয়ার প্লেতে ৪৬ রান, ৪০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ২১০। অভিষেকের পাঁচ বছর পর পাওয়া প্রথম সেঞ্চুরিটাও ততক্ষণে পূর্ণ হয়ে গেছে সিমন্সের। ১১২ সেঞ্চুরি করেছেন চার বাউন্ডারি আর রাজ্জাককে লংঅন দিয়ে মারা দুই ছক্কায়। ইনিংসের ৩৮তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করার পর শফিউলের ওপর এই ওপেনার এতটাই চড়াও হলেন যে কেবল ৪০তম ওভারেই মারলেন চারটা বাউন্ডারি। সঙ্গে একটা ওয়াইডসহ ওই ওভারে ২১ রান দিয়েছেন শফিউল।রুবেলের হাত ধরে বাংলাদেশের বোলারদের প্রথম সাফল্যটা অবশ্য আসে ১২২ রানে সিমন্সকে ফিরিয়েই। সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ হয়েছেন অলকের। রুবেলের করা ওই ৪২তম ওভারটাই বাংলাদেশের সফলতম ওভার। প্রথম বলে সিমন্স, চতুর্থ বলে স্যামুয়েলস। আউট হওয়ার ঠিক আগের বলেই স্যামুয়েলস নিজের দ্বিতীয় ছক্কাটি মেরেছেন লংঅন দিয়ে। ছয় বাউন্ডারির সঙ্গে তাঁর ছক্কা ছিল আরও একটি—রাজ্জাকের বলে মিড উইকেট দিয়ে। ব্যক্তিগত ৪৬ রানের সময় অবশ্য সাকিবের বলে উইকেটকিপার মুশফিকের ‘সৌজন্যে’ একবার বেঁচে যান স্যামুয়েলস।একই ওভারে সিমন্স-স্যামুয়েলস দুজনকেই হারালেও পোলার্ড ছিলেন। ৬ ওভার ৩ বল একসঙ্গে থেকে ব্রাভোর সঙ্গে ৫৯ রানের তৃতীয় উইকেট জুটিতে তিনিই ছিলেন বেশি ভয়ংকর। রুবেলের বলে লংঅনে ইমরুল কায়েসের বদলি ফিল্ডার শুভাগতর ক্যাচ হওয়ার আগে ২৫ বলে ৪১ রান। বাউন্ডারি দুটি, সঙ্গে সাকিব, রাজ্জাক আর শফিউলের বলে তিন ছক্কায় জাত চিনিয়েছেন পোলার্ড।হার হারই। তবে ৫৮-এর লজ্জার পরের ম্যাচে ২৫৮ খারাপ কি?