কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানির ব্যাপারে আজ রোববার তেলসমৃদ্ধ দেশটির সঙ্গে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ওই এমওইউ সইয়ের মাধ্যমে বছরে ৪০ লাখ টন তরল প্রাকৃতিক গ্যাস আমদানির প্রথম পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, দোহায় অবস্থিত কাতার পেট্রলিয়ামের দপ্তরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও কাতারের জ্বালানি ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী মোহামেদ সালেহ আল-সাদা যথাক্রমে বাংলাদেশ ও কাতারের পক্ষে সমঝোতা স্মারক সই করেন। জানা গেছে, সমঝোতা স্মারক সইয়ের আগে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসেন। ওই বৈঠকে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেন, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এম মুক্তাদির আলী, বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মো. নাসিরউদ্দিন, কাতার পেট্রলিয়ামের কর্মকর্তা মোহামেদ আল হাতমি ও খালিদ আল-হাতমি উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক শেষে কাতারের জ্বালানি ও শিল্পবিষয়ক প্রতিমন্ত্রী মোহামেদ সালেহ আল-সাদা বলেন, ‘বাংলাদেশের জন্য এখন কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস আমদানির পথ উন্মুক্ত হলো। বিশ্বের প্রধান তরল প্রাকৃতিক গ্যাস উত্পাদনকারী দেশ কাতার। বাংলাদেশের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা করতে পেরে আমরা সন্তুষ্ট।’