বাংলাদেশ ও ভারত দুই দেশেই সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এ অঞ্চলের উন্নয়ন এবং বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণের জন্য অপরিহার্য। তাই গণতন্ত্র ও প্রগতির বিকাশে দুই দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন লিমিটেড যৌথভাবে দুই দিনের এ কর্মশালার আয়োজন করেছে। এতে জ্যেষ্ঠ মন্ত্রী, সাংসদ, বিশেষজ্ঞ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশেই সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে। দুই দেশের জনগণই সহিংসতা, উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণতন্ত্র ও উন্নয়নের ব্যাপারে তাদের আস্থা প্রকাশ করেছে। কাজেই দেশ দুটিকে একসঙ্গে কাজ করতে হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, শেখ হাসিনার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে এক বিশেষ আস্থার পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়নের ওপর নির্ভর করছে আগামী দিন। ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রসচিব ওয়ালিউর রহমান।