বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে: প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন, শিল্প, বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং এই অঞ্চলের বৃহত্তর সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত নেতৃত্ব দিতে পারে।আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে দেওয়া বক্তৃতায় ভারতের রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি বাংলায় বক্তৃতা করেন।প্রণব মুখার্জি তাঁর বক্তৃতায় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে অভিহিত করে বলেন, বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শিক্ষা, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, পরিবেশ ও সুন্দরবন রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রণব বলেন, শিল্প, বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়ন এবং এই অঞ্চলের বৃহত্তর সমন্বয়ের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত নেতৃত্ব দিতে পারে।শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হবে বলে আশা প্রকাশ করেন প্রণব মুখার্জি। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্থলসীমানা চুক্তি এবং ২০১১ সালের প্রটোকল কার্যকর করতে ভারতের সংসদে সংবিধান সংশোধন বিল তোলা হবে।সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রণব মুখার্জি বলেন, এই বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার। বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর ভাষণে বলেন, বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তিসহ সব ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। এ ছাড়া আত্মকেন্দ্রিক না হয়ে মানবতার কল্যাণে এগিয়ে আসার জন্য গ্র্যাজুয়েটদের আহ্বান জানান রাষ্ট্রপতি।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, একটি জাতির সামগ্রিক উন্নয়ন ছাড়া ব্যক্তির উন্নয়ন টেকসই হতে পারে না। শুধু আর্থিক ও বৈষয়িক উন্নতি জাতি বা ব্যক্তিকে সামগ্রিক কল্যাণ এনে দিতে পারে না। গ্র্যাজুয়েটদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি মানবসেবা ও দেশসেবার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান উপাচার্য।উত্সবমুখর পরিবেশে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের পদচারণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ সমাবর্তনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সমাবর্তনে ৩৮ জন গবেষককে পিএইচডি, ৩৪ জনকে এমফিল, ৩৭ জনকে স্বর্ণপদক ও সাত হাজার ৮০০ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় সমাবর্তনে মন্ত্রিপরিষদের সদস্য, সাংসদ, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা এবং একাডেমিক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।