বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষর
বাণিজ্য ও বিদ্যমান বন্ধুত্বের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজ মঙ্গলবার দুটি চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মিয়ানমার।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ইউ ওয়ান্না মং লুইন ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে যৌথ কমিশন গঠনের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এবং ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট উ উইন অং দুই দেশের মধ্যে যৌথ বাণিজ্য পরিষদ গঠনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের প্রেসিডেন্ট উ থিয়েন সেইনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে উভয়ের উপস্থিতিতে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট কার্যালয়ে গিয়ে পৌঁছালে সেইন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। বাসস।